উত্তরাখণ্ডে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা! বদ্রীনাথ থেকে ফেরার পথে নিভে গেল ৬টি তাজা প্রাণ

উত্তরাখণ্ডের চামোলি জেলায় এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের করুণ মৃত্যুর পর শনিবার সকাল থেকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দেহ উদ্ধারের কাজ ফের শুরু হয়েছে। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, চরম প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথের বাধা কাটিয়ে ভোর পাঁচটা থেকেই উদ্ধারকারী দল ও বন দপ্তরের একটি বিশেষ টিম অভিযানে নেমেছে।
শুক্রবার অপরাহ্ণে বদ্রীনাথ থেকে কর্ণাটকের পুণ্যার্থীদের নিয়ে দেহরাদুনের উদ্দেশে রওনা দেওয়া ‘ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর একটি কপ্টার জোশীমঠের মারওয়াড়িতে হাতি পর্বত এলাকায় আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনায় কপ্টারে থাকা দিল্লির চালক এবং বেঙ্গালুরুর ৫ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়। পাহাড়ি অঞ্চলে সন্ধে নামার সঙ্গে সঙ্গে এলাকায় হিমালয়ান ভালুকের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কম থাকায় শুক্রবার সন্ধেয় উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসিএ-র একটি বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যে দেহরাদুনে পৌঁছেছে। আবহাওয়ার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কীভাবে হেলিকপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠলে ইউকাডা-র সিইও প্রতীক জৈন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর দেহগুলি স্বজনদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।