‘বাচ্চারা মানসিক বিপর্যস্ত, আর উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন!’ কুণাল ঘোষের বিরুদ্ধে সোজা আইনি পদক্ষেপে জুঁই!

কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। সম্প্রতি সমাজমাধ্যমে জুঁইয়ের রাজনৈতিক অবস্থান ও স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কুণাল ঘোষ একটি বিতর্কিত পোস্ট করেন। পোস্টে অরূপ ও স্বরূপ বিশ্বাসের পাশাপাশি জুঁইয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, তিনি পুরভোটে বিজেপি প্রার্থী হতে পারেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জুঁই বিশ্বাস স্পষ্ট জানান যে বর্তমানে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় কুণালের এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে এবং তাঁর সন্তানদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে কুণাল যখন তৃণমূলের মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন, তখন তাঁরা একসঙ্গে দলের হয়ে কাজ করেছেন। কিন্তু কোনও মহিলা নেত্রীকে হেয় করতে তাঁর পরিবারের পুরুষ সদস্যদের টেনে আনা অগ্রহণযোগ্য। ফলস্বরূপ, কুণাল ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে সাইবার ক্রাইম থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন জুঁই। মঙ্গলবার স্বরূপের একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের পর কুণালের মন্তব্য এবং পরবর্তীতে জুঁইয়ের এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।