ভুটান বিপর্যয়ের ছায়া উত্তরবঙ্গে! নদী থেকে বাজারে পৌঁছে গেল বিষাক্ত মাছ, জরুরি সতর্কতা মন্ত্রীর

নদী থেকে বিপুল পরিমাণে মরা মাছ তুলে বিক্রি করা হচ্ছে খোলা বাজারে—রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁওয়ের তুলে ধরা এই উদ্বেগের ছবিতে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের তরফ থেকে বেশ কিছু পরিমাণ মরা মাছ নষ্ট করা সম্ভব হলেও, তার আগেই কয়েক টন ক্ষতিকারক মরা মাছ পৌঁছে গেছে সাধারণ মানুষের হাতে ও বিভিন্ন খুচরো বাজারে। মন্ত্রীর দাবি, এই মাছগুলির স্বাভাবিক মৃত্যু হয়নি, যার ফলে এটি চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ঘটনার সূত্রপাত প্রতিবেশী দেশ ভুটানে ভয়াবহ হড়পা বান ও হ্রদ বিস্ফোরণের বিপর্যয়ের পর। এর জেরে অসম-বাংলা সীমান্ত দিয়ে প্রবাহিত সঙ্কোশ নদীতে হঠাৎ করেই অগণিত মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাতে আচমকাই নদীর জল কালো বর্ণ ধারণ করে এবং ভুটানের দিক থেকে প্রবল স্রোতে ভেসে আসতে থাকে মরা মাছের স্তূপ।
শনিবার সকালে কুমারগ্রামের বিধায়ক তথা বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও সরাসরি সঙ্কোশ নদী সংলগ্ন গ্রামগুলিতে পৌঁছে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি স্পষ্ট জানান, জলে কীটনাশক বা রাসায়নিক বিষক্রিয়ার কারণে এই মাছগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। অসচেতনতাবশত বহু মানুষ নদী থেকে সেই মাছ কুড়িয়ে বাজারে বিক্রি করেছেন। এই মাছ কোনোভাবেই খাওয়া বা কেনা উচিত নয় বলে সাধারণ মানুষকে কঠোর সতর্কতা দিয়েছেন মন্ত্রী।