চাকরি ছাড়ার হিড়িকে চমক! একাই ৪৪০০ কোটি টাকার ডিল ক্লোজ করতেই মহিলা কর্মীকে ৪ কোটির ল্যাম্বরগিনি উপহার!

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই এবং কর্পোরেট ক্ষেত্রে চরম মন্দার হাওয়া বইছে, ঠিক তখনই এক অভাবনীয় ও চোখ ধাঁধানো দৃষ্টান্ত স্থাপন করল দুবাইয়ের এক জনপ্রিয় রিয়েল এস্টেট সংস্থা। পেশাদার দক্ষতার অনন্য স্বীকৃতি হিসেবে এক মহিলা কর্মীকে সোজা একটি ব্র্যান্ড নিউ ‘ল্যাম্বরগিনি উরুস’ (Lamborghini Urus) গাড়ি উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছে দুবাইয়ের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ফার্ম ‘রিচকি প্রপার্টিজ’ (Richkey Properties)। দুবাইয়ের বাজারে এই হাই-পারফরম্যান্স বিলাসবহুল সুপারকারটির আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ থেকে ১৫.৫ লাখ দিরহাম (AED), যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩ কোটি থেকে ৪ কোটি টাকার কাছাকাছি। এই রাজকীয় ও মহার্ঘ উপহারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই এখন গোটা নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংস্থা ও তাদের তারকা কর্মী।
দুবাইয়ের প্রখ্যাত রিয়েল এস্টেট ফার্ম ‘রিচকি প্রপার্টিজ’-এর বর্ণাঢ্য বার্ষিক উৎসব ও অ্যাওয়ার্ড নাইট ঘিরে সম্প্রতি এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়। সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ওই জমকালো উদযাপনের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তাদেরই দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট নাতালিয়া চাভেজ (Natalia Chavez)। ২০২৬ সালের জন্য সংস্থার ‘টপ পারফর্মার’ বা বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন তিনি। মূলত গত দুই বছরে একাই ৫০ কোটি ডলারের বেশি মূল্যের প্রপার্টি ডিল সফলভাবে ক্লোজ করার কারণেই তাঁকে এই ঐতিহাসিক সম্মান জানানো হয়েছে। ডলারে এই বিশাল অঙ্কের বিক্রির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকার সমান।
অনুষ্ঠানের শুরুতে সাধারণ নিয়ম মেনেই মঞ্চে ডেকে নাতালিয়াকে বর্ষসেরা কর্মীর ট্রফি দেওয়া হয়। কিন্তু ট্রফি হাতে পাওয়ার পর তিনি যখন স্বাভাবিকভাবেই মঞ্চ থেকে নিচে নেমে আসছিলেন, তখনই ঘটে আসল টুইস্ট। সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও ডাবান ওসমান (Daban Othman) মাইক্রোফোনে তাঁকে থামিয়ে দেন। উপস্থিত সবাইকে অবাক করে সিইও ঘোষণা করেন যে আসল সারপ্রাইজটি এখনও বাকি রয়েছে। এরপর মিলনায়জুড়ে শুরু হয় উত্তেজনাপূর্ণ রিভার্স কাউন্টডাউন। রিবন কেটে মঞ্চের পর্দা সরাতেই সবার সামনে উন্মোচিত হয় এক বিশাল সোনালি রিবন ও বেলুনে মোড়া চকচকে নীল রঙের ল্যাম্বরগিনি উরুস। স্বপ্নের গাড়ি সামনে আসতেই আবেগে সম্পূর্ণ আপ্লুত হয়ে পড়েন নাতালিয়া। উল্লেখ্য, ওই বিশেষ রাতে শুধু এই বিলাসবহুল গাড়িটিই নয়, বরং মোট চারটি বড় পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তিনি। রিচকি প্রপার্টিজের পক্ষ থেকে এই রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।