হাসিনার দেশত্যাগের ভিডিও তুলেছিলেন? রহস্যজনকভাবে নদী থেকে উদ্ধার প্রাক্তন বায়ুসেনা অফিসারের দেহ!

বাংলাদেশের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর ঢাকার উত্তরার কাছে তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ভাসমান নিথর দেহ। স্থানীয় বাসিন্দারা টঙ্গী বন্দর ঘাটের কাছে লাশ দেখতে পেয়ে জরুরি পরিষেবায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। সাথে থাকা মোবাইল ও ঘড়ি দেখে পরিচয় নিশ্চিত করা হয়।

সৌরি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে থাকতেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক ও গুঞ্জন। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা ত্যাগের যে সংবেদনশীল দৃশ্য ভাইরাল হয়েছিল, সেটির পেছনে সৌরির ভূমিকা ছিল। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে পরবর্তীতে বাংলাদেশ বিমানবাহিনীর C-130J হারকিউলিস বিমানে দেশ ছাড়ার দৃশ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

সৌরির এক আত্মীয় মশফেকা জাহান অভিযোগ করেছেন, এই ভিডিও সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন এই বিমানবাহিনী কর্মকর্তাকে চরম মানসিক হেনস্থা ও নিপীড়নের শিকার হতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, সৌরিকে শেষ পর্যন্ত চাকরি থেকে অবসর নিতে বাধ্য করা হয় এবং অবসর গ্রহণের পরও মানসিক চাপ অব্যাহত ছিল। মশফেকার দাবি, মূল ভিডিওটি অন্য এক কর্মকর্তা রেকর্ড করলেও সৌরি কেবল তা শেয়ার করেছিলেন। বর্তমানে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ঘটনার পেছনে প্রকৃত কোনো চক্রান্ত ছিল কি না, তা নিয়ে তোলপাড় চলছে গোটা বাংলাদেশে।