খাওয়া শেষ হতেই চোখের পলকে হাওয়া! দিনে-দুপুরে সরকারি হোমে কিশোরের চাঞ্চল্যকর কাণ্ড

দিনদুপুরে সরকারি হোমের কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে উধাও হয়ে গেল এক বিচারাধীন কিশোর। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শুভায়ন হোমে। উচ্চ কাঁটাতারের ঘেরা প্রাচীর টপকে কীভাবে ১৭ বছর বয়সী ওই কিশোর চম্পট দিল, তা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। ঘটনার খবর পাওয়া মাত্রই বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হোমে পৌঁছায়। রাতে স্বয়ং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা শুভ্রামনিয়ম টি এবং জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা ঘটনা খতিয়ে দেখতে পৌঁছান এবং নিরাপত্তার গাফিলতি তদন্তের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের বাড়ি মালদহ জেলায়। প্রায় এক সপ্তাহ আগে মালদহ স্টেশন থেকে চুরির অভিযোগে জিআরপি-র হাতে ধরা পড়েছিল সে। নাবালক হওয়ায় আদালত তাকে বালুরঘাটের শুভায়ন হোমে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষ করেই সুকৌশলে কর্তৃপক্ষের নজর এড়িয়ে পাঁচিল টপকে সে পালিয়ে যায়। পরে তাকে খুঁজে না পাওয়ায় হোম কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। বর্তমানে প্রতিটি নাকা পয়েন্টে অ্যালার্ট জারি করা হয়েছে এবং কিশোরের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।