চার ঘণ্টা ইডি জিজ্ঞাসাবাদের পরই নাটকীয় মোড়, ইডি দপ্তর থেকেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী!

কলকাতা রাজনীতির অলিন্দে আবারও চরম চাঞ্চল্য! রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। জেরা শেষে ইডি দপ্তর থেকে বাইরে বেরোতেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় কলকাতা পুলিশ। দুর্গাপুজোর পাস ও টিকিট জালিয়াতি সংক্রান্ত ৫০ থেকে ৬০ কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতির মামলায় এই গ্রেফতারি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
ইন্দ্রনীল সেন গ্রেফতার হতেই সুর চড়িয়েছেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা অরিত্র দত্ত বণিক। বহু আগেই ইন্দ্রনীলের বিরুদ্ধে সরকারি অনুষ্ঠানের বদলে ‘কাটমানি’ চাওয়া এবং লবিবাজির বিরুদ্ধে মুখ খোলার অভিযোগ তুলেছিলেন ঋদ্ধি। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে ঋদ্ধি বলেন, “আমি কর্মফলে বিশ্বাসী। লোভে পাপ, পাপে মৃত্যু—এই প্রবাদটি আজ সত্যি হলো। খুব কষ্ট হয় এটা ভেবে যে, যাঁর গান শুনে বড় হয়েছি, শুধুমাত্র লোভ ও ক্ষমতার মোহে তাঁর এবং তাঁর ঘনিষ্ঠদের আজ এই পরিণতি দেখতে হলো।”
অন্যদিকে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র কটাক্ষ হেনেছেন অভিনেতা-ফিল্ম এডিটর অরিত্র দত্ত বণিক। তিনি লেখেন, “জেলের বন্দী আসামিদের জন্য খারাপ লাগছে। সাম্প্রতিক সময়ে যে পরিমাণ বেসুরো গান উনি পরিবেশন করেছিলেন, রাতের বেলা জেলে গাইতে বসলেই বিপদ! গানের গুঁতোয় জামিন হয়ে যেতে পারে।”
উল্লেখ্য, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামক একটি সংস্থা গড়ে উঠেছিল, যার সভানেত্রী ছিলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন। অভিযোগ, এই সংস্থাটি ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গোৎসবে ‘প্রিভিউ শো’ ও ভিআইপি এন্ট্রি পাসের নামে কোটি কোটি টাকার টিকিট চড়া দামে বিক্রি করে। ইডির প্রাথমিক অনুমান, এই জালিয়াতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা।