গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন! ভদ্রেশ্বরে বিজেপির তোলপাড় ফেলা উল্লাস, বিতরণ হলো লাড্ডু

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন তোলপাড় সৃষ্টি হয়েছে। চন্দননগরের প্রাক্তন বিধায়কের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই ভদ্রেশ্বর জুড়ে তুমুল উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিজেপি কর্মী-সমর্থকেরা রাস্তা জুড়ে আনন্দ মিছিল বের করেন এবং পথচলতি মানুষ ও বাসিন্দাদের মধ্যে মিষ্টি ও লাড্ডু বিতরণ করেন।

ঘটনায় শাসকদলকে চরম আক্রমণের মুখে দাঁড় করিয়ে বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহা তীব্র কটাক্ষ করে বলেন, “পাপ কখনো বাপকেও ছাড়ে না! ইন্দ্রনীল সেন তো মানুষ দূরে থাক, স্বয়ং ভগবানকেও ছাড়েননি।” একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলে বিধায়ক দাবি করেন, ইউনেস্কোর নাম ভাঙিয়ে এবং ভুয়া টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিজেপি সরকার দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে এবং আগামী দিনে সমস্ত দুর্নীতিগ্রস্ত মুখই আইনের হাতে ধরা পড়বে।

অন্যদিকে, ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা গোপাল উপাধ্যায় বলেন, “মা দুর্গার আশীর্বাদেই অবশেষে অসুররূপী ইন্দ্রনীল সেনের বেআইনি সাম্রাজ্যের চরম বিনাশ ঘটেছে।” কথা প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের করা আপত্তিকর মন্তব্যেরও কড়া নিন্দা জানান তিনি। সব মিলিয়ে প্রাক্তন মন্ত্রীর এই গ্রেফতারিকে কেন্দ্র করে চন্দননগর ও ভদ্রেশ্বর সহ সমগ্র হুগলি জেলায় রাজনৈতিক উত্তাপ এখন চরম শীর্ষে।