পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৩৫ কোটির বিশাল কেলেঙ্কারি! নিমেষেই গায়েব কোটি কোটি টাকার এফডি?

গ্রেটার নয়ডার পাই-১ সেক্টরে অবস্থিত পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় ৩৫ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ও কোটি কোটি টাকার এফডি হঠাৎ ‘জিরো ব্যালেন্স’ দেখানোর খবরে আতঙ্কে শত শত গ্রাহক ব্যাংকে ভিড় জমিয়েছেন।
জনৈক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর ১.১৮ কোটি টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে, অন্যদিকে অন্য এক গ্রাহকের ৮০ লাখ টাকার এফডি বন্ধ করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ জানিয়েছেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চিফ ম্যানেজার রাজেশ নিগম অবশ্য নিশ্চিত করেছেন যে এটি কেবল একটি নির্দিষ্ট শাখাতেই ঘটেছে। তিনি তদন্ত চলার কথা জানিয়ে দাবি করেন, পএনবি একটি অত্যন্ত বিশ্বস্ত ও বড় ব্যাংক, তাই প্রতিটি গ্রাহকের গচ্ছিত অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং তদন্ত শেষেই সবাই টাকা ফেরত পাবেন।