মন্নতের সামনে শুধুই নীরবতা! ৬১তম জন্মদিনে শাহরুখের এমন চরম সিদ্ধান্তে কেন ভেঙে পড়লেন ভক্তরা?

২ নভেম্বর—বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের কাছে এই তারিখটি কোনো বড় উৎসবের চেয়ে কম নয়। প্রতি বছর এই দিনে প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য ‘মন্নত’-এর বাইরে জমে উপচে পড়া ভিড়, চোখ থাকে সেই ঐতিহাসিক ব্যালকনির দিকে। কখন তিনি আসবেন আর নিজের ট্রেডমার্ক ভঙ্গিমায় দু’হাত ছড়িয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেবেন! কিন্তু এবার কিং খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য অপেক্ষা করছে এক চরম হতাশার খবর। এই বছর নিজের জন্মদিনে অনুরাগী ও সংবাদমাধ্যমের সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করছেন না শাহরুখ খান। তাঁর এই আচমকা সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে লাখ লাখ ভক্তের।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন কিং খান? জানা গিয়েছে, কাজের প্রতি চরম নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। নিজের বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘কিং’ (King)-এর একটি বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গানের শুটিংয়ের জন্য জন্মদিনেই সোজা লন্ডনে উড়ে যাচ্ছেন শাহরুখ। সম্প্রতি মুম্বইয়ের স্টুডিওতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এক সুবিশাল গানের অংশের কাজ শেষ করেছেন তিনি, এবার তার বাকি অংশের শুটিং হবে বিদেশের মাটিতে। আর এই আঁটসাঁট কাজের শিডিউলের জন্যই এবছরের জন্মদিনের সমস্ত ‘মিট-অ্যান্ড-গ্রিট’ ও ফ্যান ইভেন্ট বাতিল করতে হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, গত দু’বছর ধরেই নিজের স্বপ্নের বাসস্থান ‘মন্নত’-এর সংস্কারের কাজ চলায় শাহরুখের সেই বিখ্যাত বারান্দায় এসে হাত নাড়ার দৃশ্য দেখা যায়নি। তবে গত দুই বছর ধরে ফ্যানদের মন রাখতে মুম্বইয়ের বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে একটি সম্পূর্ণ ব্যক্তিগত ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি, যেখানে মিডিয়ার প্রবেশাধিকার না থাকলেও শুধুই ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন তারকা। কিন্তু এবার লন্ডনে শুটিংয়ের ব্যস্ততা থাকায় সেই সুযোগও থাকছে না।
তবে শাহরুখের ভক্তদের একবারে নিরাশ হওয়ার কোনো কারণ নেই! জন্মদিনে দেখা না হলেও ভক্তদের জন্য রয়েছে এক বিশাল ধামাকা। কারণ, আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় ধামাকাদার মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘কিং’। সূত্রের খবর, ছবি মুক্তির ঠিক আগেই ভক্তদের জন্য এক সুবিশাল ও রাজকীয় মেগা ইভেন্টের পরিকল্পনা করছেন বাদশাহ, যেখানে তিনি সরাসরি খোলামেলা আড্ডায় মেতে উঠবেন অনুরাগী মহল নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি এই ‘কিং’ ছবিতে শাহরুখের পাশাপাশি স্ক্রিন শেয়ার করছেন তাঁর কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর। ফলে জন্মদিনে মন্নতের সামনে খালি হাতে ফিরলেও, বড়দিনের উৎসবে শাহরুখ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে চলেছেন, তা বলাই বাহুল্য!