রাত ১১টা বাজলেই ট্রেনের চার্জিং পয়েন্ট বন্ধ! রেলের হঠাৎ এমন কড়া নির্দেশের নেপথ্যে কোন বিপদ?

দূরপাল্লার ট্রেনে সফর করার সময় মোবাইল বা ল্যাপটপ চার্জিং নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল ভারতীয় রেল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় থাকা সমস্ত চার্জিং পয়েন্ট সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশিকা ফের অত্যন্ত কঠোরভাবে কার্যকর করার আদেশ দিয়েছে রেলওয়ে বোর্ড। কামরার ভেতরে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবং যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে খবর।
গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সমস্ত জোনাল রেলওয়েকে উদ্দেশ্য করে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, ২০১৪ সালের ১৯ জুন প্রথম এই সংক্রান্ত নিয়ম চালু করা হয়েছিল। তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে কর্মীদের গাফিলতি নজরে আসায় এই নিয়ম পালনে কোনো ধরনের শিথিলতা না দেখানোর কড়া বার্তা দেওয়া হয়েছে।
মূলত দক্ষিণ-পূর্ব রেলের (SER) একটি সাম্প্রতিক অভিজ্ঞতার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গিয়েছে, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ট্রেনের দায়িত্বে থাকা কর্মীরা চার্জিং পয়েন্টের সুইচ বন্ধ করেননি। সেই সুযোগে গভীর রাতে এক যাত্রী নিজের পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসান। কিছুক্ষণ পরেই সেই পাওয়ার ব্যাঙ্ক থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে এবং একপর্যায়ে তা বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, এই ঘটনা রেল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়।
এই দুর্ঘটনার পর রেলওয়ে বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখা সুনিশ্চিত করতে হবে। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে আধিকারিক ও সুপারভাইজারদের ঘনঘন সারপ্রাইজ ভিসিট করার নির্দেশ জারি হয়েছে।