একসময়ের আতঙ্কের উপত্যকা আজ উন্নয়নের রোল মডেল! মাওবাদীদের শক্তঘাঁটি বস্তারে বিপ্লব আনলেন অমিত শাহ?

একসময়ের ভয়ে আচ্ছন্ন নকশাল-প্রভাবিত বস্তারের গ্রামগুলি আজ উন্নয়ন ও আত্মবিশ্বাসের এক নতুন সোনালী অধ্যায়ের সাক্ষী হচ্ছে। কঠিন ভৌগোলিক অবস্থান এবং অতীতে মাওবাদী সহিংসতার কারণে যে অঞ্চলগুলি মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল, সেখানে আজ আস্থার জোয়ার বইছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ পদক্ষেপে বস্তার আজ নকশালবাদের প্রভাবমুক্ত হয়ে উন্নয়নের মূলধারায় যুক্ত হয়েছে। নিরাপত্তা শিবিরগুলিকে জনসেবার কেন্দ্রে রূপান্তর করার এই অভিনব উদ্যোগ সারা দেশে সাড়া ফেলেছে।

নিরাপত্তা শিবির থেকে জনসেবা কেন্দ্র:
বস্তারের প্রত্যন্ত এলাকায় স্থাপিত প্রায় ২০০টি নিরাপত্তা শিবিরকে ধাপে ধাপে ‘বীর শহীদ গুণ্ডাধুর সেবা ডেরা’ নামক পাবলিক ফ্যাসিলিটেশন সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৭০টি শিবিরকে এই রূপ দেওয়া হচ্ছে। ২০২৬ সালের ১৮ই মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তারের নেতানারে দেশের প্রথম এই সেবা ডেরার উদ্বোধন করেছিলেন। নেতানার হলো ১৯১০ সালের ঐতিহাসিক ভুমকাল বিদ্রোহের মহানায়ক বীর গুণ্ডাধুরের জন্মস্থান। সেই ঐতিহাসিক মাটিতেই আজ আদিবাসীদের আত্মনির্ভরশীল করে তুলতে ডিজিটাল ও ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এক ছাদের নিচে সমস্ত সরকারি পরিষেবা:
আগে ছোটখাটো কাজের জন্য গ্রামবাসীদের কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। কিন্তু এখন আধার কার্ড তৈরি, মোবাইল লিঙ্কিং, জাতি ও বাসস্থান শংসাপত্রের মতো সমস্ত ডিজিটাল পরিষেবা গ্রামের দোরগোড়াতেই মিলছে। পাশাপাশি, ‘ব্যাংক সখী’ প্রকল্পের মাধ্যমে নারীরা স্থানীয় স্তরেই টাকা তোলা ও অ্যাকাউন্ট খোলার মতো ব্যাংকিং সুবিধা দিচ্ছেন।

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে অর্থনৈতিক বিপ্লব:
সেবা ডেরাগুলি স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তুলছে। ‘গুন্দাধুর মহিলা স্বনির্ভর গোষ্ঠী’র সদস্যরা তেঁতুল প্রক্রিয়াকরণ করে এবং ঐতিহ্যবাহী মাড়াই কলে চাল প্রস্তুত ও বিক্রি করে ভালো আয় করছেন। আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (NID)-এর বিশেষজ্ঞরা এই পণ্যগুলির আধুনিক প্যাকেজিং ও ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, যার ফলে বস্তারের হস্তশিল্প ও গ্রামীণ পণ্য এখন জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পা রাখার সুযোগ পাচ্ছে। এই রূপান্তর কেবল বস্তুগত উন্নয়ন নয়, বরং বস্তারের প্রতিটি নাগরিকের জীবনে এক নতুন ভোরের সূচনা করেছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty