পোষ্যদের জন্য বিরাট উপহার রাজ্য সরকারের! আসানসোল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক মেগা প্রজেক্ট

পোষ্য এবং পথপশুদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে গৃহপালিত পশুদের মৃত্যুর পর আর খোলা জায়গায় বা ধাপার মাঠে ফেলার দিন শেষ হতে চলেছে। আদরের পোষ্যদের সম্মানের সঙ্গে শেষবিদায় জানাতে রাজ্যজুড়ে তৈরি করা হবে আধুনিক সমাধিক্ষেত্র ও শ্মশান। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের আসানসোল সংলগ্ন ডামরায় এই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আসানসোলের পর সমগ্র পশ্চিমবঙ্গেই এই ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে।

পরিবেশ দূষণ রোধের পাশাপাশি পোষ্য মালিকদের সেন্টিমেন্ট বা আবেগের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ। পোষ্যদের পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করা হয়, তাই তাদের উপযুক্ত শেষকৃত্য মানুষের মনে স্বস্তি যোগাবে বলে আশাপ্রকাশ করেছেন মন্ত্রী।

শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পথকুকুরদের নিয়েও একাধিক বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পশুপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে বিবাদ এড়াতে ডগ-ফিডারদের তালিকা প্রস্তুত করে সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার চিন্তাভাবনা চলছে, যার প্রতিলিপি স্থানীয় থানাতেও পাঠানো হবে। প্রতি ওয়ার্ডে পথকুকুরদের খাওয়ানোর জন্য তৈরি হবে নির্দিষ্ট স্টিলের বাটি ও জলসহ হাইজিন জোন। পাশাপাশি, মাটির পাত্রে সরকারি গাছে গাছে পাখিদের দানা-জল দেওয়ার অভিনব উদ্যোগও নেওয়া হচ্ছে।