মক্কায় চরম বিপদে বাংলার ৪০০০ ওমরা হজযাত্রী! টাকা শেষ, খাবার নেই, সাহায্য চাইল ভারত সরকারের কাছে!

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরা হজ পালন করতে গিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের হাজারেরও বেশি তীর্থযাত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেশের ফেরার বিমান বাতিল হওয়ায় এবং বিকল্প ব্যবস্থা না থাকায় মক্কার বিভিন্ন হোটেলে গৃহবন্দি হয়ে পড়েছে সোনারপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রী দল। ইতিমধ্যেই তাঁদের হাতের নগদ টাকা শেষ হয়ে গিয়েছে। থাকার খরচ ও রোজকার খাবার জোগাড় করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপর আবেদন জানিয়েছেন আটকে থাকা হতাশ যাত্রীরা।
জানা গিয়েছে, গত ৯ অক্টোবর কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি হয়ে জেদ্দায় পৌঁছান সোনারপুরের ‘মদিনা ট্রাভেলস’-এর অধীনে ৩৩ জনের একটি দল। তাঁদের ২৩ অক্টোবর জেদ্দা থেকে মুম্বই হয়ে কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি এবং গোলযোগের কারণে শেষ মুহূর্তে বিমান পরিষেবা বাতিল করা হয়। কেবল এই দলটিই নয়, মক্কার একাধিক হোটেলে ‘জমজম ট্রাভেলস’ ও অন্যান্য এজেন্সির মাধ্যমে আসা অন্তত ৪,০০০ ভারতীয় হজযাত্রী একইভাবে আটকে রয়েছেন।
আটকে থাকা যাত্রী আইনজীবী আনিসুর রহমান এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, কলকাতার ‘ট্রাভেল জোন’ নামের টিকিট বুকিং সংস্থা প্রথমে টিকিটের টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন আর সহযোগিতা করছে না। বাতিল টিকিটের সাড়ে ২৫ হাজার টাকার জায়গায় মাত্র ১৮ হাজার টাকা ফেরতের কথা বলা হচ্ছে, তাও কবে মিলবে তার ঠিক নেই। ফলে নতুন টিকিট কিনে দেশে ফেরার সামর্থ্য তাঁদের নেই। হোটেল কর্তৃপক্ষও টাকা না পাায় তাদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। প্রবীণ ও অসুস্থ যাত্রীদের ওষুধ ও খাবারের অভাবে কান্নাকাটি শুরু হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের বিনীত অনুরোধ—কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে বিশেষ বিমানের ব্যবস্থা করে তাঁদের স্বদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করে।