পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে চূর্ণ ৫টি গাড়ি, অলৌকিকভাবে বাঁচলেন রাহুল গান্ধী

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সোমবার ২০১৮ সালের একটি মানহানির মামলার শুনানিতে যোগ দিতে সুলতানপুরের এমপি-এমএলএ (MP/MLA) কোর্টে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সেই সময় এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে, যা নিয়ে মুহূর্তে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কনভয় চলাকালীন আচমকাই একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে রাহুল গান্ধীর বহরে থাকা ৫টি চারচাকার তীব্র সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই জোরে ছিল যে গাড়িগুলির সামনের ও পিছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর সামনে আসা সিসিটিভি ফুটেজে সেই ভয়ংকর সংঘর্ষের ছবি স্পষ্ট ধরা পড়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় কংগ্রেসের বেশ কয়েকজন দলীয় কর্মী, নেতা এবং রাহুল গান্ধীর সুরক্ষায় মোতায়েন থাকা কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্বস্তির খবর, এই ভয়াবহ ধাক্কা সত্ত্বেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন রাহুল গান্ধী; তিনি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।