IPL 2027-এ খেলবেন ধোনি? CSK-র জার্সিতে শেষমেশ কী করতে চলেছেন ‘ক্যাপ্টেন কুল’?

গত ২-৩ বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে— মাহেন্দ সিং ধোনি কি আগামী মরশুমেও মাঠে নামবেন? ২০২৩-২৪ মরশুম থেকেই ‘থালা’ অনুরাগী এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই জল্পনা তুঙ্গে। ২০২৭ আইপিএল মরশুম শুরুর আগেও ছবিটা আলাদা নয়। সব জল্পনার মাঝে এবার নিজের খেলা নিয়ে সবচেয়ে স্পষ্ট ও বড় ইঙ্গিত দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK) এই কিংবদন্তি তারকা।

‘ক্যাপ্টেন কুল’ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তিনি নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

পায়ের পেশির গুরুতর সমস্যার কারণে গত মরশুমে ধোনি কার্যত খেলতে পারেননি। অন্যদিকে, আইপিএল ২০২৬-এ প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর থেকেই প্রাক্তন ভারত অধিনায়কের অবসর ও সিএসকে-র হলুদ জার্সিতে তাঁর ফেরা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

চিকিৎসকদের কোর্টেই বল ঠেললেন ধোনি:

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানেও স্বাভাবিকভাবেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। নিজের চেনা রসবোধের মেজাজে ধোনি জানান, সিএসকে-র হয়ে আগামী মরশুমে তিনি নামতে পারবেন কি না, তা নির্ভর করছে চিকিৎসকদের ফিটনেস রিপোর্টের ওপর।

সংবাদসংস্থা ANI-এর রিপোর্ট অনুযায়ী ধোনি বলেন, “ডাক্তারবাবু, আমাকে পরীক্ষা করাতে হবে। আপনারা রিপোর্ট দেবেন, তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে আমি মাঠে নামার মতো কতটা শক্তিশালী অবস্থায় রয়েছি।”

মজার ছলে চিকিৎসকদের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে তিনি আরও যোগ করেন, “যদি আমি না পারি, তবে আপনাদেরই নিশ্চিত করতে হবে যে আমার ফিটনেস যেন ঠিকঠাক থাকে। এই পুরনো ভিন্টেজ গাড়িটা যাতে রাস্তায় ঠিকঠাক চলতে পারে, সেই চাপটা এখন ডাক্তারদের ওপরই রইল।”

ধোনিকে নিয়ে আশাবাদী সিএসকে:

আইপিএল ২০২৭-এ ধোনিকে ফের গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখতে পাওয়ার বিষয়ে অত্যন্ত আশাবাদী চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। সিএসকে-র সিইও (CEO) কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের ভার সম্পূর্ণরূপে তাঁর নিজের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি বিশ্বাস করে, দর্শকদের প্রিয় ‘৭ নম্বর’ জার্সি আবারও চিপক মাতাতে মাঠে নামবে।