প্রতিবাদে যোগ দেওয়ার ‘শাস্তি’? দেশ ছাড়ার ফতোয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ে ইমরান খান

বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় বা FRRO-র পক্ষ থেকে ইস্যু করা ‘লিভ ইন্ডিয়া নোটিস’-এর বিরুদ্ধে সোজা আইনি লড়াইয়ে নামলেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার বোম্বে হাইকোর্টে FRRO-র এই নির্দেশিকাকে ‘স্বৈরাচারী, অসামঞ্জস্যপূর্ণ এবং অসাংবিধানিক’ আখ্যা দিয়ে একটি রিট পিটিশন দায়ের করেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেতা। ওই নোটিসে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে কী দাবি জানিয়েছেন অভিনেতা? আদালতে পেশ করা পিটিশনে অভিনেতা FRRO-র এই নির্দেশিকাটি অবিলম্বে খারিজ করার জোরালো দাবি জানিয়েছেন। পাশাপাশি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোটিসের কার্যকরিতার উপর ‘জরুরি স্থগিতাদেশ’ চেয়েছেন তিনি। শুধু তাই নয়, মামলার শুনানি চলাকালীন যাতে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর বা বলপ্রয়োগকারী পদক্ষেপ না করা হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষাও দাবি করা হয়েছে। আগামী সোমবার হাইকোর্টে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে।

প্রতিবাদে যোগ দেওয়াই কাল? ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। ওই দিন অগস্ট ক্রান্তি ময়দানের কাছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন অভিনেতা ইমরান খান। এর ঠিক পরেই, গত ১৪ অক্টোবর FRRO-র তরফ থেকে তাঁকে এই ‘লিভ ইন্ডিয়া নোটিস’ পাঠানো হয়। প্রশাসনের অভিযোগ, ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে অভিনেতা ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট (IFA), ২০২৫’ বা অভিবাসন আইনের নিয়মাবলী লঙ্ঘন করেছেন। আর সেই কারণেই তাঁর উপর দেশে থাকার বিষয়ে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বলে খবর।