পুজোয় দোকানের মোমো কেন খাবেন? মাত্র ১৫ মিনিটে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইলের তুলতুলে চিকেন মোমো!

ছুটির বিকেলের আমেজ মানেই জিভে জল আনা মুখরোচক খাবারের খোঁজ। আর উৎসবের আবহ হলে তো কথাই নেই! সেই তালিকায় যদি থাকে গরম-গরম তুলতুলে মোমো এবং সঙ্গে এক বাটি ধোঁয়া ওঠা স্যুপ, তবে বিকেলটাই একদম জমে ক্ষীর। শহরের অলিগলির স্ট্রিট ফুড কিংবা নামী ক্যাফে—মোমোর নাম শুনলেই ছোট থেকে বড় সবার মন চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু রোজ রোজ বাইরে না গিয়ে যদি এই পুজোতেই বাড়িতে বানিয়ে ফেলা যায় একদম রেস্তোরাঁ স্টাইলের সফট চিকেন মোমো? মোমোর খোলস শক্ত হয়ে যাওয়ার ভয় আর নেই; সামান্য কিছু কৌশল জানা থাকলে ঘরেই মিলবে পারফেক্ট স্বাদ। রইল সহজ রেসিপি।

মোমো তৈরির প্রয়োজনীয় উপকরণ

ডো তৈরির জন্য:

  • ময়দা: ২ কাপ

  • নুন: সামান্য

  • সাদা তেল: ১ চা চামচ

  • ঈষদুষ্ণ জল: মাখার জন্য পরিমাণমতো

চিকেন পুরের জন্য:

  • চিকেন কিমা: ২৫০ গ্রাম

  • পেঁয়াজ কুচি: ১টি (মিহি করে কাটা)

  • রসুন বাটা: ১ চা চামচ

  • আদা বাটা: ১/২ চা চামচ

  • কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো

  • গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ

  • সোয়া সস: ১ চা চামচ

  • ভিনেগার: সামান্য

  • নুন: স্বাদমতো

  • সাদা তেল বা বাটার: সামান্য

প্রস্তুত প্রণালী

১. মেখে রাখা ডো: প্রথমে ময়দায় সামান্য নুন ও ১ চা চামচ তেল ভালো করে মিশিয়ে নিন। এবার ঈষদুষ্ণ জল দিয়ে সাধারণ লুচির ডো-এর চেয়ে একটু নরম করে মেখে নিন। মাখা হয়ে গেলে একটি হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।

২. পুর তৈরি: একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে মিহি পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, সয়া সস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো, নুন এবং সামান্য বাটার বা তেল দিয়ে খুব ভালো করে মেখে ১৫ মিনিট ম্যারিনেট হতে দিন।

৩. গড়া ও ভাপানো: ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। এবার লুচির চেয়েও কিছুটা ছোট ও পাতলা করে বেলে নিয়ে মাঝখানে চিকেনের পুর দিন। এরপর পছন্দের ডিজাইনে ধারগুলো সুন্দর করে মুড়ে ভালো করে সিল করে দিন, যাতে ভাপানোর সময় খুলে না যায়। স্টিমারে তেল বা বাটার ব্রাশ করে মোমোগুলো সাজিয়ে নিন। ফুটন্ত জলের হাঁড়ির ওপর স্টিমার বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ১৮ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি তুলতুলে নরম চিকেন মোমো!

সঙ্গে থাকুক ধোঁয়া ওঠা ‘ক্লিয়ার চিকেন স্যুপ’

মোমোর সঙ্গে গরম-গরম ক্লিয়ার স্যুপ না থাকলে আড্ডা যেন অসম্পূর্ণ থেকে যায়। মোমো ভাপানোর হাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই পুষ্টিকর স্যুপ।

স্যুপের উপকরণ:

  • হাড় সমেত চিকেনের টুকরো

  • রসুন ও আদা কুচি

  • গাজর ও বাঁধাকপি কুচি

  • গোলমরিচ গুঁড়ো ও সোয়া সস

  • কর্নফ্লাওয়ার: সামান্য (ঘন করার জন্য)

  • নুন ও বাটার: স্বাদমতো

স্যুপ তৈরির পদ্ধতি: কড়াইতে সামান্য বাটার গরম করে রসুন ও আদা কুচি হালকা সাঁতলে নিন। এবার হাড় সমেত চিকেনের টুকরোগুলো দিয়ে পরিমাণমতো জল ও নুন দিয়ে ফুটতে দিন। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে স্টক তৈরি হলে মাংসের টুকরোগুলো তুলে নিয়ে হাড় থেকে ছাড়িয়ে ছোট ছোট করে আবার ঝোলে দিয়ে দিন। এরপর এতে গাজর ও বাঁধাকপি কুচি, গোলমরিচ গুঁড়ো এবং সোয়া সস মেশান। সবশেষে সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে ঢেলে দিন যাতে একটু থকথকে ভাব আসে। ব্যাস, নামিয়ে নিলেই তৈরি রেস্তোরাঁ স্বাদের ধোঁয়া ওঠা সুস্বাদু স্যুপ!