রাতে খেয়েছিলেন নুডলস, সকালে উদ্ধার ৫ জনের নিথর দেহ! গ্রেটার নয়ডায় বুক কাঁপানো রহস্যমৃত্যু

রাজধানী দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যুতে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দম্পতি ও তাঁদের তিন নাবালক সন্তান। পুলিশ বাড়ি থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রাতের খাবারে বিষক্রিয়ার জেরে (Food Poisoning) এই করুণ পরিণতি ঘটে থাকতে পারে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নয়ডার রাবুপুরা থানা এলাকার নাগলা শ্রী পদম গ্রামে। মৃতেরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান—লাড্ডু (১১), মিষ্টি (৭) ও সাক্ষাত (৩)।
কী ঘটেছিল সেই রাতে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পরিবারের কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স এবং খাদ্য নিরাপত্তা বিভাগের বিশেষ দল। ফরেনসিক বিশেষজ্ঞ ও ফিল্ড ইউনিট ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে।
গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রবণ কুমার সিং জানিয়েছেন, প্রতিবেশী এবং মৃত ব্যক্তির মায়ের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শুক্রবার রাতে পুরো পরিবার মিলে নুডলস খেয়েছিল। এরপরই সকালে তাঁদের অচেতন বা মৃত অবস্থায় পাওয়া যায়। তবে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু, নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। পাঁচজনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তদন্তে প্রশাসন ও শোকের ছায়া: ঘটনার খবর পেয়ে সকালেই সেখানে ছুটে যান জেওয়ারের বিজেপি বিধায়ক ধীরেন্দ্র সিং। তিনি এই মর্মান্তিক ঘটনার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরকে বিস্তারিত জানিয়েছেন। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পরেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।