দিল্লির দূষণ রোধে এবার সরাসরি মাঠে নামল কেন্দ্র! পাঞ্জাবের সংবেদনশীল জেলাগুলিতে মেগা ফ্লাইং স্কোয়াড

শীতকালে দিল্লি-এনসিআর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণ রোধ করতে এবার আরও কঠোর অবস্থান নিল ‘বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন’ (CAQM)। ধান কাটার মরসুমে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানোর প্রবণতা কমাতে পাঞ্জাবের সবচেয়ে সংবেদনশীল দুই জেলা— অমৃতসর ও তরন তারান পরিদর্শন করেছে সিএকিউএম-এর একটি উচ্চপর্যায় টিম। কারিগরি সদস্য ড. এস.ডি. আত্ত্রির নেতৃত্বে এই প্রতিনিধি দলটি গত ৯ ও ১০ অক্টোবর বিভিন্ন ঝুঁকিপূর্ণ গ্রাম ঘুরে মাঠের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে।

পরিদর্শনের পাশাপাশি শুক্রবার অমৃতসরে দুই জেলার ডেপুটি কমিশনার এবং শীর্ষ জেলা আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকও করে কমিশন। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, খড় পোড়ানোর ঘটনা যেকোনো মূল্যে নির্মূল বা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে। এই উদ্দেশ্যে অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বেলার (Baler) এবং সিআরএম (CRM) মেশিন সরবরাহ করা হয়েছে, যাতে কৃষকরা আগুন না লাগিয়ে বৈজ্ঞানিক উপায়ে ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা করতে পারেন।

শুধু পাঞ্জাব নয়, দিল্লি-এনসিআর-এর দূষণ নিয়ন্ত্রণে পাঞ্জাবের ১৮টি এবং হরিয়ানার ১৬টি— মোট ৩৪টি সংবেদনশীল জেলায় বিশেষ ‘ফ্লাইং স্কোয়াড’ মোতায়েন করেছে কমিশন। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই নজরদারি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত, যা প্রতিদিন মাঠে থেকে খড় পোড়ানোর ওপর কড়া নজরদারি চালাচ্ছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে শীতের আগে দূষণ কতটা নিয়ন্ত্রণে থাকে, এখন সেটাই দেখার!