‘জিতলে সৎ, হারলে কারচুপিপূর্ণ!’ নির্বাচন কমিশনের পক্ষ নিয়ে বিরোধীদের তুলোধোনা ১২৪ জন প্রাক্তন আমলার

নির্বাচন কমিশন (ECI)-এর নিরপেক্ষতা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে চলমান তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার কমিশনের সমর্থনে প্রকাশ্যে এল বড় পদক্ষেপ। দেশের নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ও নিরাপত্তার পক্ষে সওয়াল করে একটি যৌথ খোলা চিঠি প্রকাশ করেছেন ১২৪ জন অবসরপ্রাপ্ত আইএএস (IAS), আইএফএস (IFS) এবং অন্যান্য বিশিষ্ট সহযোগী পরিষেবার প্রাক্তন কর্মকর্তা।

চিঠিতে সাফ জানানো হয়েছে, “একটি ব্যবস্থা নিজেরা জিতলে সৎ আর হারলেই কারচুপিপূর্ণ হতে পারে না।” ভোট কারচুপির মতো গুরুতর অভিযোগ তোলার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা বাধ্যতামূলক বলে দাবি করেছেন ওই প্রাক্তন আমলারা। অতীতে বুথ দখল বা নির্বাচনী সহিংসতার যুগ থেকে বর্তমান ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) এবং স্ট্রং রুমের কড়া নিরাপত্তা ব্যবস্থার রূপান্তরের কথা তুলে ধরে তাঁরা বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

পাশাপাশি, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের উদাহরণ টেনে তাঁরা উল্লেখ করেছেন যে, সেখানে অতীতে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি দেখা গিয়েছিল এবং কোনো পুনঃভোটের প্রয়োজন পড়েনি। ক্ষমতাসীন দলও যে অতীতে একাধিক রাজ্যে নির্বাচন হেরেছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদের এই ধরনের অভিযোগকে একহাত নিয়েছেন দেশের এই প্রাক্তন শীর্ষ কর্মকর্তারা।