নতুন লুক আর মারকাটারি ইঞ্জিন! ১৪ই অক্টোবর ধামাকা করতে আসছে টয়োটা গ্লানজা, বদলাচ্ছে কোন ৩টি বড় ফিচার?

ভারতীয় গাড়ির বাজারে নতুন চমক দিতে প্রস্তুতি নিচ্ছে টয়োটা। সম্প্রতি কোম্পানি তাদের জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি ‘টয়োটা গ্লানজা ফেসলিফ্ট’-এর নতুন টিজার প্রকাশ্যে এনেছে। আগামী ১৪ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে এই নতুন গাড়িটি।
মারুতি সুজুকি ব্যালানোর পর এবার টয়োটা গ্লানজাতেও আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। টিজারে দেখা মিলেছে এক রিফ্রেসড ফ্রন্ট লুকের, যেখানে থাকছে সম্পূর্ণ নতুন একটি মেশ-স্টাইলের গ্রিল। সবচেয়ে বড় আকর্ষণ হল, টয়োটা তাদের লোগোটি গ্রিল থেকে সরিয়ে এবার সরাসরি বনেটের সামনের অংশে বসিয়েছে। সঙ্গে নতুন রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার এলইডি ফগ ল্যাম্প গাড়ির লুককে আরও বেশি প্রিমিয়াম ও আকর্ষণীয় করে তুলেছে।
শুধু বাইরেই নয়, পারফর্ম্যান্স ও কেবিনের দিক থেকেও এটি হতে চলেছে দারুণ এক আপডেট। নতুন গ্লানজাতে বর্তমান ৪-সিলিন্ডার ইঞ্জিনের পরিবর্তে দেখা যেতে পারে ১.২-লিটার ৩-সিলিন্ডার ‘জেড-সিরিজ’ (Z-Series) পেট্রোল ইঞ্জিন, যা দারুণ মাইলেজের পাশাপাশি চমৎকার পাওয়ার ডেলিভারি দেবে। এছাড়া কেবিনে ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ৯-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং হেড-আপ ডিসপ্লের মতো দারুণ সব ফিচার থাকার জোর সম্ভাবনা রয়েছে। নতুন ডিজাইন ও অ্যাডভান্স প্রযুক্তির কারণে বর্তমান মডেলের চেয়ে এর দাম কিছুটা বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।