দিল্লি বিমানবন্দরে নাটকীয় আটক! যন্তর মন্তরে বিক্ষোভের আগেই পুলিশি জালে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে আসার আগেই নজিরবিহীন দমনপীড়নের মুখোমুখি হলো ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। বিমানবন্দর থেকেই CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপ বা গ্রেফতারি দিয়ে তাদের আন্দোলনকে কোনোভাবেই স্তব্ধ করা যাবে না এবং তাদের প্রতিবাদ কর্মসূচি অবিরাম চালিয়ে যাওয়া হবে।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের বিশেষ দল বিমানবন্দর চত্বরে আগে থেকেই ওত পেতে ছিল। বিমান থেকে নামামাত্রই CJP শীর্ষ নেতাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে সিজেপি এক বিবৃতিতে জানিয়েছে যে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ করেছে দিল্লি প্রশাসন। প্রধান নেতাদের আটকের পরও আন্দোলন দমে যায়নি; বরং জন্তর মন্তরের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ব্যাপক পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা অবিলম্বে অভিজিৎ দীপকে ও তাঁর সহকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন।