স্তনে চুলকানি কি ক্যানসারের লক্ষণ? কোন কোন সঙ্কেত দেখলে আজই সাবধান হবেন?

স্তনে চুলকানি একটি অত্যন্ত সাধারণ সমস্যা, যা সাধারণত শুষ্ক ত্বক, অতিরিক্ত ঘাম, অ্যালার্জি বা সাধারণ ত্বকের জ্বালাপোড়ার কারণে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটি উদ্বেগের কোনো কারণ হয় না। তবে চুলকানি যদি দীর্ঘস্থায়ী হয় এবং এর পাশাপাশি ত্বকের গঠনে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা দেয়, তবে তা ভুলেও উপেক্ষা করা উচিত নয়। অনেক সময় এটি মারাত্মক কোনো রোগের প্রাথমিক সঙ্কেত হতে পারে।
স্তন ক্যানসারের ক্ষেত্রে চুলকানির সমস্যা কতটা সাধারণ? বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র চুলকানি কখনো স্তন ক্যানসারের একমাত্র লক্ষণ নয়। তবে দীর্ঘস্থায়ী চুলকানির সঙ্গে যদি ত্বক লাল হয়ে যাওয়া, নিপলের গঠনে পরিবর্তন কিংবা ত্বক মোটা ও আঁশযুক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক সময়ে এই লক্ষণগুলি শনাক্ত করতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।
অনেকেরই ধারণা রয়েছে যে স্তন ক্যানসার মানেই স্তনে একটি শক্ত পিণ্ড বা চাকা হওয়া। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। ক্যানসার সবসময় পিণ্ড হিসেবে প্রকাশ পায় না। এর আরও বেশ কিছু উপসর্গ রয়েছে যা প্রায়শই সাধারণ মানুষের নজরের আড়ালে থেকে যায়। এগুলির মধ্যে রয়েছে স্তনের আকৃতির পরিবর্তন, ত্বকে টোল পড়া, কমলার খোসার মতো অমসৃণ ত্বকের গঠন, স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক নিঃসরণ এবং দীর্ঘস্থায়ী ব্যথা বা ফোলাভাব।
প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ডা. শুভদ্বীপ চক্রবর্তী জানান, “কমন যেটা হয় পেনলেস মাংসপিণ্ড ধরা পড়ে। তবে অনেকসময় নিপলে সমস্যা দেখা দিতে পারে যেমন—কমলার খোসার মতো দেখা দিতে পারে। এগুলি পরবর্তীকালে ক্যানসারের লক্ষণ হতে পারে। এছাড়াও শিরাগুলি স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।” তবে মনে রাখা প্রয়োজন, এই লক্ষণগুলি সবসময় ক্যানসারের কারণে নাও হতে পারে, অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও দেখা দিতে পারে। তাই নিশ্চিত হতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই শ্রেয়।
স্তনের ক্যানসারের কিছু বিরল ধরণ প্রাথমিক পর্যায়ে সাধারণ চর্মরোগের মতো মনে হতে পারে। উদাহরণস্বরূপ, স্তনের ‘প্যাজেটস ডিজিজ’ (Paget’s disease)-এর কারণে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া এবং চামড়া আঁশযুক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই লক্ষণগুলিকে প্রায়শই একজিমা বা অ্যালার্জি বলে ভুল করা হয়। অন্যদিকে, ‘ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসার’ (Inflammatory breast cancer) হলো ক্যানসারের একটি বিরল কিন্তু দ্রুত ছড়িয়ে পড়া ধরণ, যা স্তনে ফোলাভাব, লালচে আভা এবং চামড়া মোটা করে তোলে। স্তনের উপরিভাগ দেখতে অনেকটা কমলার খোসার মতো হয়ে যায়। যেহেতু এই লক্ষণগুলো ত্বকের সংক্রমণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাই অবহেলা না করে সচেতন হওয়া দরকার।
ডা. শুভদ্বীপ চক্রবর্তী আরও বলেন, “এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে স্তনে চুলকানি মানেই সবসময় ক্যানসার নয়। অনেক সময় শুষ্ক ত্বকের কারণে এমনটা হতে পারে, যা ময়েশ্চারাইজার ব্যবহারের মাধ্যমেই সমাধান করা সম্ভব। তবে, এসব ব্যবস্থা নেওয়ার পরেও যদি দীর্ঘ সময় ধরে চুলকানি, লালচে ভাব, ব্যথা এবং ফোলা ভাব বজায় থাকে, তবে সতর্ক হওয়া প্রয়োজন।”