ট্রেন বাতিল থেকে মেট্রো বন্ধ— রাজনৈতিক বিক্ষোভে আগামীকাল অবরুদ্ধ হতে চলেছে রাজধানী?

আগামীকাল শনিবার, ১০ অক্টোবর। রাজনৈতিক উত্তেজনায় কাঁপতে চলেছে দেশের রাজধানী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ তুলে যন্তর মন্তরে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এই হাই-ভোল্টেজ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি জুড়ে জারি হয়েছে কঠোর নিরাপত্তা ও নজিরবিহীন ট্রাফিক কড়াকড়ি। সম্ভাব্য তীব্র যানজট ও জনদুর্ভোগ এড়াতে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ও দিল্লি প্রশাসন।
সংবাদ সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামউদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল এমন সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যদিও রেলওয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই দিল্লিগামী হাওড়া রাজধানী ও শিয়ালদা রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেলের আশঙ্কা, বিক্ষোভের জেরে স্টেশন চত্বরে ব্যাপক যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
শুধু রেল যোগাযোগই নয়, দিল্লি মেট্রো নেটওয়ার্কেও ব্যাপক কোপ পড়তে চলেছে। বিক্ষোভের কারণে রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে দিল্লি পুলিশ ইতিমধ্যেই শহরের প্রায় ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার আবেদন জানিয়েছে। আজ রাত ৯টা থেকেই এই মেট্রো স্টেশনগুলি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, যে সমস্ত স্টেশন থেকে সরাসরি দিল্লির উদ্দেশ্যে ট্রেন ছাড়ে, সেখানেও কঠোর বিধিনিষেধ ও চেকিং বলবৎ করা হচ্ছে। সাধারণ যাত্রীদের সুরক্ষার্থেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
CJP-র প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ভোটার তালিকা ও ভোট প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন গুরুতর অনিয়মের প্রতিবাদে আয়োজিত এই আন্দোলনে নেতৃত্ব দেবেন দেশের তরুণ প্রজন্ম। এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। দেশজুড়ে CJP-র কর্মী ও সমর্থক এবং যুবসমাজ এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে যন্তর মন্তরে সমবেত হবেন। সব মিলিয়ে, শনিবারের এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।