আমেরিকায় কর্মরত ভারতীয় আইটি কর্মীদের কপালে শনি! গ্রিন কার্ডের স্বপ্ন কি তবে ধূলিসাৎ?

আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য এক বিরাট ধাক্কা হিসেবে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা PERM কর্মসূচি থেকে একাধিক শীর্ষস্থানীয় সংস্থাকে সাসপেন্ড করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্তের আওতায় পড়েছে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS), ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি এবং মাইক্রোসফটের মতো বিশ্বখ্যাত টেক জায়েন্টগুলি। এর ফলে মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা লক্ষাধিক ভারতীয় আইটি কর্মীর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মার্কিন শ্রম দপ্তরের দাবি, সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থাগুলি অতিরিক্ত মাত্রায় বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করছে। মার্কিন নাগরিকদের চাকরির বাজারে অগ্রাধিকার দিতেই ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। PERM হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার সুবাদে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে কর্মসংস্থানভিত্তিক EB-2 ও EB-3 ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে এই শংসাপত্র বাধ্যতামূলক। এই স্থগিতাদেশের ফলে ওই সংস্থাগুলির নতুন কোনো PERM আবেদন তো গৃহীত হবেই না, পাশাপাশি বর্তমানে বিচারাধীন আবেদনগুলির প্রক্রিয়াও সম্পূর্ণ আটকে যাবে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যাঁদের ইতিমধ্যেই গ্রিন কার্ড হাতে রয়েছে, তাঁদের এখনই সরাসরি কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। এই স্থগিতাদেশ মানেই ভারতীয় কর্মীদের প্রচলিত H-1B ভিসা রাতারাতি বাতিল হয়ে যাচ্ছে না। কিন্তু দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার আইনি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। ট্রাম্প প্রশাসনের এই আক্রমণাত্মক অভিবাসন নীতি আগামী দিনে এই প্রযুক্তি সংস্থাগুলিকে তাদের কর্মী নিয়োগ এবং স্পনসরশিপের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।