‘লাইসেন্স চাইব রিভলভারের…’, বিস্ফোরক হুঙ্কার দেওয়ার পরেই বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার মূল অভিযুক্ত গ্রেফতার

প্রবীণ সিপিআইএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাপ্পা গুচ্ছাইত (২৯), যার বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সাহা কালীবাড়ি সংলগ্ন বোয়ালিয়া অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে বেজে ৫ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে আজই তাকে আদালতে পেশ করা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশের হাতে আসা একটি ছবিতে ধৃত বাপ্পাকে তৃণমূল কংগ্রেসের লোগো এবং ‘মা মাটি মানুষ’ লেখা উত্তরীয় পরে থাকতে দেখা গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে বাইকে চেপে এসে এক ব্যক্তি বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। পূর্ব যাদবপুর থানায় এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। বিকাশরঞ্জনবাবু ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁকে প্রায়ই নানা হুমকি দেওয়া হয় এবং ভয়েস মেসেজ পাঠিয়ে লাশ ফেলে দেওয়ার কথাও বলা হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপরই পুলিশি তৎপরতায় শুক্রবার ভোরে এই গ্রেফতারি সম্ভব হয় এবং নেতার বাড়ির সুরক্ষায় পুলিশ পিকেট বসানো হয়েছে