বলিউডের পথেই এবার বাংলা! নাচের দুনিয়া থেকে সোজা বড় পর্দায় পা রাখছেন জনপ্রিয় নৃত্যশিল্পী স্যান্ডি

বলিউডের জনপ্রিয় ছবি ‘এবিসিডি’ (ABCD)-র আদলে এবার বাংলা চলচ্চিত্র জগতেও তৈরি হতে চলেছে নাচকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী সিনেমা। প্রতীষ ঘোষের পরিচালনায় আসছে নতুন ছবি ‘মাইকেল’। এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা স্যান্ডি রঙকে। তাঁর বিপরীতে স্ক্রিন শেয়ার করবেন রূপসা মুখোপাধ্যায়। এছাড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিশিষ্ট অভিনেতা সাগ্নিক।

নাচকে জীবনের স্বপ্ন ও সংগ্রামের সঙ্গে জুড়ে এই সিনেমার গল্প এগিয়ে চলেছে। স্যান্ডি রঙ তাঁর কেরিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে। এরপর ‘বিগ বস বাংলা ২’-এর ফাইনালিস্ট হিসেবে নজর কাড়ার পাশাপাশি ‘আবার প্রলয় ২’ ও ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’-এর মতো প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। একজন পেশাদার নৃত্যশিল্পী হওয়ার সুবাদেই এই মিউজিক্যাল ও ড্রামা ঘরানার ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন স্যান্ডি।

নির্মাতাদের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই শুরু হবে ‘মাইকেল’-এর শুটিং। কলকাতা ও শিলিগুড়ির পাশাপাশি থাইল্যান্ড এবং সিকিমের মনোরম লোকশনে ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। নাচ ছাড়াও এই সিনেমায় থাকবে রোমাঞ্চ, রহস্য, সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিশোধের গল্প। নাচ যেহেতু মানুষের গভীরতম আবেগের প্রকাশ, তাই সেই আবেগকেই মূল থিম করে তৈরি হচ্ছে এই প্রোজেক্ট। বাংলা সিনেমা জগতে নাচ ও থ্রিলারের এই অভিনব মেলবন্ধন এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। ছবিটির মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।