‘আমার রেপুটেশন আছে!’ মিডিয়া ট্রায়াল রুখতে হাইকোর্টের দরবারে অভিষেক, আদালতের পরামর্শে চরম তোলপাড়

কেন্দ্রীয় সংস্থা কিংবা পুলিশের তদন্ত প্রক্রিয়া সম্পর্কিত গোপন তথ্য ও জিজ্ঞাসাবাদের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে সামাজিক সম্মান। ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে একপেশে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর করা এই আবেদনে এখনই সরাসরি হস্তক্ষেপ করল না আদালত। সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগীয় এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়ে মামলাকারীকে ‘উপযুক্ত বেঞ্চে’ আর্জি জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।
আদালতে কী সওয়াল অভিষেকের আইনজীবীর?
শুনানির সময় অভিষেকের আইনজীবী আদালতে জোর সওয়াল করে বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে তদন্ত চলছে। নিজের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষা করার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তদন্তের অগ্রগতি বা তল্লাশি সংক্রান্ত কোনো নথিপত্র সংবাদমাধ্যমের সামনে আসা একেবারেই অবাঞ্ছনীয়।”
আইনজীবীর আরও অভিযোগ, তদন্তকারী সংস্থার একাংশ ও কয়েকটি বেসরকারি মাধ্যম ইচ্ছেকৃতভাবে এই সমস্ত তথ্য প্রকাশ্যে এনে জনসমক্ষে কদর্য ‘মিডিয়া ট্রায়াল’ চালাচ্ছে। এর ফলে তাঁর মক্কেলের সামাজিক প্রতিষ্ঠা ও সম্মানের ব্যাঘাত ঘটছে, যা একটি নিরপেক্ষ তদন্তপ্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরনের নির্দিষ্ট বিষয় শোনার জন্য তাঁর বর্তমান বেঞ্চের এক্তিয়ার নেই। তিনি পর্যবেক্ষণ করেন, বিষয়টির সঙ্গে পুলিশের এক্তিয়ার জড়িত থাকলে তাঁর বেঞ্চ তা শুনতে পারে না। তবে অভিষেকের মামলাটি খারিজ না করে বিচারপতি পরামর্শ দেন, “আমি আবেদনটি খারিজ করছি না। আপনি শুধু উপযুক্ত নির্দেশিত বেঞ্চে গিয়ে বিষয়টির আবেদন (মেনশন) করুন।”