ওটিপি আসার অপেক্ষা শেষ! নতুন নিয়মে চরম স্বস্তি, ঝামেলার দিন শেষ করে আনল দুর্দান্ত এই ফিচার

আজকাল অনলাইনে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পরিচয়ের প্রমাণ দিতে হলে মোবাইল ফোনে ওটিপি (OTP) আসার অপেক্ষা করা এক রকম নিত্যদিনের রুটিনে দাঁড়িয়ে গেছে। কিন্তু দুর্বল নেটওয়ার্ক, সার্ভার ডাউন কিংবা এসএমএস আসতে দেরি হওয়ার কারণে অনেক সময়ই মাঝপথে আটকে যায় জরুরি কাজ। ব্যবহারকারীদের এই ভোগান্তি দূর করতেই এবার বড়সড় আপডেট নিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন আধার অ্যাপে যুক্ত করা হয়েছে একটি দুর্দান্ত ফিচার, যার নাম টিওটিপি (TOTP) বা টাইম-বেসড ওয়ান-টাইম পাসওয়ার্ড।

টিওটিপি (TOTP) আসলে কী এবং কীভাবে কাজ করে?

টিওটিপি-র পুরো অর্থ হলো ‘টাইম-বেসড ওয়ান-টাইম পাসওয়ার্ড’। এটি আধার অ্যাপের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি একটি ৮-সংখ্যার বিশেষ কোড। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, কোডটি পাওয়ার জন্য কোনো রকম ইন্টারনেট সংযোগ বা মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় না।

আধার অ্যাপে তৈরি হওয়া এই ৮-সংখ্যার কোডটি প্রতি ৩০ সেকেন্ড পর পর নিজে থেকেই পরিবর্তিত হতে থাকে। ফলে নিরাপত্তা যেমন বহুগুণ বেড়ে যায়, তেমনই এসএমএস আসার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার ঝমেলাও আর থাকে না। যে সমস্ত অনলাইন পরিষেবা বা প্ল্যাটফর্মে টিওটিপি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে এই কোড ব্যবহার করে নিমেষেই পরিচয় যাচাই করা সম্ভব।

ব্যবহার করার সময় যে বিষয় মাথায় রাখবেন:

এই ফিচারটি নির্বিঘ্নে ব্যবহারের জন্য আপনার স্মার্টফোনের সিস্টেমের সময় বা ক্লকটি একদম সঠিক থাকা জরুরি, কারণ সময়ের ওপর ভিত্তি করেই এই কোডটি জেনারেট হয়। নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমিয়ে অনলাইন কাজকে আরও গতিশীল ও সুরক্ষিত করতে ইউআইডিএআই-এর এই নতুন পদক্ষেপ সাধারণ মানুষের কাজে দারুণ সহায়ক হবে।