‘ওঁরা দেশবিরোধী শক্তি, সাধারণ মানুষই ধরবে!’ ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের

খ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন এবং তার জেরে রাজধানীতে চলা পুলিশি ধরপাকড় নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন বিতর্কিত বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিজেপি-র এই প্রতিবাদকারীদের একহাত নিয়ে তিনি সরাসরি তাঁদের ‘দেশবিরোধী শক্তি’ বলে কটাক্ষ করেছেন।
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, এসআইআর (SIR) প্রক্রিয়া ও নির্বাচন কমিশনকে ঘিরে দেশজুড়ে যে প্রতিবাদ চলছে, তা আদতে দেশকে অস্থির করার একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি সাংসদের কথায়, “দেখুন কীভাবে মানুষ এখন এই দেশবিরোধী শক্তিগুলিকে সামনে আনছেন। পুলিশ তো বটেই, সাধারণ মানুষও এখন এদের ধরে জবাব চাইবে, কারণ দেশবাসী এখন এদের আসল রূপ চিনতে পেরেছে।” একই সঙ্গে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী যে ভূমিকা পালন করছে, তারও প্রশংসা করেছেন তিনি। তবে যন্তর মন্তরে বিক্ষোভের জেরে ট্রেন চলাচল ব্যাহত হওয়া এবং মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি এও বলেন যে, আন্দোলনের নামে সাধারণ মানুষের যাতে কোনো রকম হেনস্তা না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগেও সিজেপি-র বিভিন্ন আন্দোলন নিয়ে একাধিকবার আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে। গত জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির সময় তরুণ বিক্ষোভকারীদের নিশানা করে ‘নর্দমার প্রজন্ম’ বলেও তোপ দেগেছিলেন এই তারকা সাংসদ। রবিবারের এই নতুন মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে তরজা আরও তীব্র হয়েছে।