‘পশ্চিমবঙ্গে একজন গুন্ডা মুখ্যমন্ত্রী!’ চরম বিতর্কের পর শান্তিপুর থানায় হাজিরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ‘গুন্ডা’ বলে কটাক্ষ করার জেরে থানা পর্যন্ত গড়াল বিতর্ক! শান্তিপুর থানার নোটিশ পেয়ে রবিবার সেখানে হাজিরা দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর হাজিরা দিয়ে থানা থেকে বের হতেই সেখানে চরম হট্টগোল শুরু হয়। কল্যাণকে দেখা মাত্রই থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। এমনকি তাঁকে লক্ষ্য করে ‘মাতাল’ স্লোগান তোলার অভিযোগও ওঠে পদ্ম শিবিরের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি শান্তিপুরের উপ-নির্বাচনের ঠিক আগে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে একটি দলীয় কর্মীসভায় উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন তিনি। মেজাজ হারিয়ে কল্যাণকে চিৎকার করে বলতে শোনা যায়, “পশ্চিমবঙ্গে একজন গুন্ডা মুখ্যমন্ত্রী রয়েছে! সেই গুন্ডা মুখ্যমন্ত্রী সব জায়গায় পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে…।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলে সরব হন তিনি।

মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্যকে অত্যন্ত অবমাননাকর বলে দাবি করে বিজেপি। এর পরেই শান্তিপুর থানায় কল্যাণের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর-এর পরিপ্রক্ষিতেই পুলিশের পাঠানো নোটিশে সাড়া দিয়ে রবিবার শান্তিপুর থানায় হাজির হন মমতাপন্থী এই তৃণমূল সাংসদ। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, “শান্তিপুর থানা থেকে একটা নোটিশ পেয়েছিলাম, তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে হাজিরা দিতে এসেছিলাম।”

তবে ঘটনার আসল নাটক শুরু হয় কল্যাণ থানা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়। তাঁকে নজরে আসতেই বিজেপি কর্মীরা গাড়ি ঘিরে ধরে ‘মাতাল… মাতাল…’ বলে স্লোগান তুলতে থাকেন। এই নিয়ে স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতা নিকুঞ্জ দত্ত কটাক্ষ করে বলেন, “উনি মদ ছাড়া চলেন না, উনি একজন মাতাল! উনি আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। আগে জানলে এলাকার সব মদের দোকান বন্ধ করিয়ে রাখতাম।” হঠাৎ এই ঘটনায় থানার সামনে তুমুল উত্তেজনা সৃষ্টি হলেও শান্তিপুর থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Pratik Saha
  • Pratik Saha