ভোটার তালিকা থেকে নাম ছাঁটাইকাণ্ডে সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারি! নির্বাচন কমিশনকে চরম নিশানা করে কী বললেন ওমর আবদুল্লা?

দেশের ভোটার তালিকা থেকে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া নজরদারি এবং জবাবদিহিকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নয়াদিল্লিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাম্প্রতিক বৈঠকে অংশ নিয়ে তিনি নির্বাচন কমিশনের বিতর্কিত পদক্ষেপের তীব্র নিন্দা করেন। ওমর স্পষ্ট ভাষায় জানান, কমিশনে অনিয়মের বিরুদ্ধে তাঁরা দীর্ঘদিন ধরে সোচ্চার হলেও এতদিন কেউ কানে তোলেনি। তবে বর্তমানে সুপ্রিম কোর্ট যেভাবে এই বিষয়ে সরাসরি জবাব তলব করেছে, তাতে আদালতের মাধ্যমে এই ভুল কতটা সংশোধন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

ভোটার তালিকা বিতর্ক ছাড়াও এদিন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) নিয়ে তীব্র আক্রমণ শানান ওমর আবদুল্লা। তিনি সাফ জানিয়ে দেন, যতক্ষণ না পর্যন্ত দেশে সর্বসম্মতভাবে এটি কার্যকর হচ্ছে, ততক্ষণ এটিকে ‘অভিন্ন’ বলা যায় না। ওমর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “আমরা জম্মু ও কাশ্মীরে কোনোভাবেই ইউসিসি কার্যকর করতে দেব না। কেবল বিজেপি শাসিত রাজ্যগুলি একতরফাভাবে এটি চাপিয়ে দিচ্ছে, অথচ বিহার বা অন্যান্য রাজ্যে এর স্পষ্ট বিরোধিতা করা হয়েছে।”

কেন্দ্রীয় সরকারকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির যদি সত্যিই বুকের পাটা থাকে, তবে তারা এই সংক্রান্ত আইন সরাসরি পার্লামেন্টে নিয়ে আসুক। সেখানে আইনটি নিয়ে বিস্তারিত বিতর্ক ও ভোটাভুটি হোক। কিন্তু বিজেপি কখনই সংসদে এই বিল আনবে না, কারণ পার্লামেন্টে তা পাস করানোর মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে তাদের নেই। সেই কারণেই এক এক করে নিজেদের শাসিত রাজ্যগুলিতে একতরফাভাবে এটি বলবৎ করা হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।