দর্শকদের ভোটে নয়, এবার সহ-প্রতিযোগীদের হাত ধরেই বিগ বসের ঘর ছাড়বেন কে? বড়সড় টুইস্টে তোলপাড় নেটপাড়া!

বিগ বসের ঘরের সমীকরণ যে কোনও মুহূর্তে যে সম্পূর্ণ বদলে যেতে পারে, তার প্রমাণ মিলল ফের একবার। গত ৬ অক্টোবর, সোমবার, প্রতিযোগীদের জন্য বিনোদন তো দূরের কথা, নিত্যদিনের সাধারণ স্বাচ্ছন্দ্যও কার্যত বন্ধ করে দিয়েছিল বিগ বস। খাবার থেকে শুরু করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস, সবকিছুই চলে যায় বিগ বসের দখলে। ফলে ঘরে ঢোকার সময় সঙ্গে আনা খাবার ব্যবহার করারও অনুমতি ছিল না কারও। খাবার জোগাড় করার একমাত্র পথ ছিল কঠিন সব টাস্ক। বরফ গলানো, সাইকেল চালানো, ওজন তোলা কিংবা চাকি ঘুরিয়ে আটা বের করার মতো পরিশ্রমে ঘাম ঝরিয়ে পয়েন্ট জমিয়েছেন হাউসমেটরা। সেই পয়েন্ট দিয়েই পরবর্তীতে বিগ বসের দোকান থেকে খাবার কিনতে বাধ্য হয়েছেন তাঁরা।

তবে শুধু খাবার সংকটই নয়, এর মাঝেই তৈরি হয়েছে বড় ধরনের মনস্তাত্ত্বিক লড়াই। নমিনেশনে ছিলেন ঝিলাম গুপ্তা এবং দীপেন্দু পাল। ঘরের অন্যান্য সদস্যদের একাংশের অভিযোগ ছিল, তাঁরা খেলায় যথেষ্ট সক্রিয় নন। কিন্তু এখানেই টুইস্ট। সদ্য প্রকাশ্যে আসা বিগ বসের নতুন টিজারে দেখা গিয়েছে এক অভাবনীয় চিত্র। এই সিজনের প্রথম ‘মিড-উইক এভিকশন’-এর মুখোমুখি হয়েছেন ঝিলাম ও দীপেন্দু। সবচেয়ে বড় চমক হল, এবার দর্শকদের ভোটের পরিবর্তে সহ-প্রতিযোগীদের সরাসরি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কার কপালে ঝুলছে বিদায়ের খাড়া।

টিজারের ঝলকে দেখা গিয়েছে, প্রতিযোগীরা দ্বিধাবিভক্ত। ভারত কৌল ও জিতু কমল স্পষ্ট জানিয়েছেন যে তাঁরা ঝিলামকে ঘরে রাখতে চান। অন্যদিকে, অনুষ্কা ও সৃজলা দীপেন্দুর পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেছেন। ফলে দুই শিবিরে স্পষ্ট ভাগ হয়ে গেছে হাউসমেটেরা। এখন প্রশ্ন একটাই— সহ-প্রতিযোগীদের এই ভোটাভুটিতে ঠিক কার দুর্গ ভাঙবে এবং কে পাকাপাকিভাবে বিদায় নেবেন বিগ বসের ঘর থেকে? নাকি এই আকস্মিক মিড-উইক এভিকশনের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো গোপন টুইস্ট? সব জল্পনার অবসান ঘটিয়ে আজকের এপিসোডেই মিলবে চূড়ান্ত উত্তর।