ট্রোল নিয়ে কড়া জবাব! মল-এর মতো সাজবে কলকাতার নোংরা কাঁচা বাজার? মাস্টারপ্ল্যান ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রাজ্য ক্ষমতা দখলের পর থেকেই শহরজুড়ে জবরদখল, যত্রতত্র গাড়ি পার্কিং এবং শহরের সৌন্দর্যায়ন নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের জমানায় ইতি টানতে কড়া জরিমানা থেকে শুরু করে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। তবে এই সংস্কারমূলক কাজ করতে গিয়ে বিরোধীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকারও হতে হচ্ছে তাঁকে। এবার সেই ট্রোল ও সমালোচনাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে তিনি ঘোষণা করলেন, এবার রাজ্যের সনাতন কাঁচা বাজারগুলির আমূল পরিবর্তন ঘটাতে চলেছে রাজ্য সরকার।
সাধারণত বাজারের ভেতরে প্রবেশ করলেই কাদা-জল, জমে থাকা ময়লা-আবর্জনা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি হতে হয় সাধারণ ক্রেতাদের। সেই চিরচেনা ছবি বদলাতে তৎপর হয়েছে প্রশাসন। এপ্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ক্ষোভ ও আক্ষেপের সুরে বলেন, “সংবাদমাধ্যম ট্রোল করছে, কারণ ভালো কাজ মানুষ সহজে নিতে পারে না। আমাদের বিরোধী দল, যাদের আজ আর কোনো রাজনৈতিক অস্তিত্বই নেই, তারা শুভেন্দু অধিকারীর সরকারের এই ভালো কাজগুলো সহ্য করতে পারছে না।” এর পরেই নতুন রূপরেখা তুলে ধরে তিনি জানান, “আমরা বাজারগুলোকে এমন সুন্দর ও আধুনিক করে তুলতে চাইছি, যেখানে কেনাকাটা করতে এলে মানুষের একটি দারুণ ও প্রিমিয়াম অভিজ্ঞতা হবে। এখন বাজারে গেলে ভিড়, ঠেলাঠেলি আর নোংরা জল দেখতে হয়। আমরা এমন বাজার বানাব যা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা দেবে।”
পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা এবং যানজট সমস্যা মেটাতে অ্যাপ-ভিত্তিক পার্কিং ব্যবস্থার ওপর পুনরায় জোর দেন মন্ত্রী। তিনি জানান, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দৌরাত্ম্য রুখতে এবার পুরোপুরি ডিজিটাল পার্কিং অ্যাপের মাধ্যমে স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, পরিবেশ দূষণ রুখতে যে সমস্ত জায়গায় বেআইনি কালো প্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করছে প্রশাসন। শহরবাসীর দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে রাস্তাঘাট সংস্কার প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, মহালয়ার আগেই রাজ্যের সমস্ত ভাঙা রাস্তা মেরামত করা সম্পূর্ণ হয়ে যাবে। যদি এর পরেও কোনো রাস্তা সংস্কারের বাইরে থেকে যায়, তবে তা অবিলম্বে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।