মিউজিক ইন্ড্রাস্ট্রিতে দুই দশক পার! অনুরাগীদের জন্য বিরাট চমকপ্রদ ঘোষণা গায়ক অরিজিৎ সিংয়ের

দেখতে দেখতে ভারতীয় সঙ্গীত জগতে দুই দশক সফলভাবে পার করে ফেললেন সুরের জাদুকর অরিজিৎ সিং (Arijit Singh)। কোটি কোটি হৃদয়ে রাজত্ব করা এই জনপ্রিয় গায়ক তাঁর ক্যারিয়ারের এই বিশেষ মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে অনুরাগীদের জন্য এক বিরাট ঘোষণা করলেন। যা শোনার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে তাঁর ভক্তমহলে।
সঙ্গীত জগতে ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৭ সালে ভারতজুড়ে এক মেগা লাইভ কনসার্ট ট্যুরের (India Tour 2027) পরিকল্পনা করেছেন অরিজিৎ। আগামী জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত দেশের মোট ৯টি বড় শহরে এই বিশাল মাপের মিউজিক্যাল শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আহমেদাবাদ থেকে শুরু করে হায়দরাবাদ— দেশের বিভিন্ন প্রান্তের অনুরাগীরা সরাসরি তাঁদের প্রিয় গায়কের জাদুকরী কণ্ঠ শোনার সুযোগ পাবেন।
নিজের এই দীর্ঘ দুই দশকের পথচলা প্রসঙ্গে অরিজিৎ এক প্রতিক্রিয়ায় জানান, শ্রোতাদের ভালোবাসাই তাঁকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে। বছরের পর বছর ধরে যাঁরা তাঁর গানকে ভালোবেসেছেন, তাঁদের সঙ্গে সরাসরি এই আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। পুজোর মরসুমের ঠিক আগে অরিজিতের এই বিশেষ ঘোষণা সঙ্গীতপ্রেমী তরুণ প্রজন্মের মনে যে এক অন্য উন্মাদনা তৈরি করেছে, তা বলাই বাহুল্য।