ভোটের মুখে বড় ধাক্কা! উত্তরাখণ্ড কংগ্রেসের অন্দরে হরিষ রাওয়াতের পদক্ষেপে চরমে দলীয় দ্বন্দ্ব

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরাখণ্ড কংগ্রেসের অন্দরে চরম অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক উত্তেজনা দানা বেঁধেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হেভিওয়েট কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের সাম্প্রতিক ‘জন সংবাদ যাত্রা’ ঘিরে দলের মধ্যেই গভীর বিরোধ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, দলের উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেত্রী কুমারী সেলজা এই একক কর্মসূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং অবিলম্বে হরিশ রাওয়াতের কাছে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা তলব করেছেন।
রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, উত্তরাখণ্ড কংগ্রেসের মূল রাজ্য নেতৃত্ব সম্প্রতি কুমারী সেলজার কাছে গিয়ে সরাসরি অভিযোগ জানান যে, নির্বাচনের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখে বা দলীয় ফোরামকে যুক্ত না করে হরিশ রাওয়াত যেভাবে একলা চলো নীতি নিয়ে এই জন সংবাদ যাত্রা পরিচালনা করছেন, তা দলের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তার সম্পূর্ণ পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভেঙে এই ধরনের একক প্রচার দলের সাধারণ কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে এবং বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বলেই রাজ্য নেতাদের অভিমত।
কংগ্রেসের অন্দরের এই গৃহযুদ্ধ এখন উত্তরাখণ্ডের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে যখন বিজেপি সরকারকে হঠাতে বিরোধী ঐক্যের ডাক দিচ্ছে কংগ্রেস, ঠিক তখনই দলের দুই শীর্ষ নেতার এই দ্বন্দ্বে বেআব্রু হয়ে পড়েছে কংগ্রেসের দলীয় কোন্দল। হাইকমান্ডের হস্তক্ষেপে এই অভ্যন্তরীণ অসন্তোষ কতটা প্রশমিত হয় এবং নির্বাচনমুখী রাজ্যে কংগ্রেস নিজেদের ঐক্য টিক রাখতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।