মাত্র ১৯ দিনে রূপ বদলাল আসানসোলের আর্ট গ্যালারির! মন্ত্রীর হস্তক্ষেপে চকচকে নবরূপে উদ্বোধন

শিল্পাঞ্চলের শিল্পী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে নবরূপে সেজে উঠল আসানসোলের একমাত্র আর্ট গ্যালারি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে চিঠি দেওয়ার মাত্র ১৯ দিনের মধ্যে আমূল পরিবর্তন হলো বিদ্যাসাগর আর্ট গ্যালারির। রবিবার রাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন রূপের আর্ট গ্যালারির উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই।

অতীতে মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে আর্ট গ্যালারিটি তৈরি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উইয়ের উপদ্রবে ছবি টানানোর ফ্রেম পচে যাওয়া, আগাছার জঙ্গল এবং শৌচাগার নষ্ট হয়ে যাওয়ায় সেখানে চিত্রপ্রদর্শনী করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি গরমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় শিল্পী ও দর্শনার্থীরা চরম ভোগান্তির শিকার হতেন। গত ১৫ সেপ্টেম্বর শিল্পীকূল তাঁদের এই দুর্দশার কথা জানিয়ে মন্ত্রী অগ্নিমিত্রাকে একটি চিঠি পাঠান।

চিঠি পাওয়ার পরেই মন্ত্রী তড়িৎ গতিতে আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রকে গ্যালারি সংস্কারের নির্দেশ দেন। পুরনিগমের ইঞ্জিনিয়ার ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মাত্র ১৯ দিনের মধ্যে আর্ট গ্যালারির খোলনলচে পুরোপুরি বদলে যায়। আধুনিক আলোর ব্যবস্থা, চোখ জুড়ানো সৌন্দর্যায়ন, শীতাতপ নিয়ন্ত্রণ এবং বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করে গ্যালারিটিকে বিশ্বমানের করে তোলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীরসিংহ থেকে মাটির কলস হাতে প্রবেশ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুরো কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পুর কমিশনার দিলীপ মিশ্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী জানান, শিল্পীদের নামমাত্র খরচে এই গ্যালারি ভাড়া দেওয়া হবে যাতে তাঁরা নিয়মিত তাঁদের শিল্পকলা প্রদর্শন করতে পারেন। এই ঘটনায় আসানসোলের শিল্পীমহলে খুশির জোয়ার বইছে।