মৃত্যুকে ভয় করি না! ককপিটে হামলার পর বিমান ভেঙে ফেলার ভয়ংকর ছক ফাঁস ওমানি পাইলটের

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ককপিটে ঘটে যাওয়া রোমহর্ষক ও ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন আক্রান্ত ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি জানান, ককপিটে সামনের দিকে তাকিয়ে বসে থাকা অবস্থায় তাঁর ওপর পিছন দিক থেকে অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় ধৃত ওমানি কো-পাইলট হামাম আল-হাম্মামি চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির নিরাপত্তাকর্মীদের সে জানিয়েছে, সে মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পায় না এবং ওই বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ‘ক্র্যাশ’ করিয়ে ধ্বংস করতে চেয়েছিল। ফ্লাইদুবাইয়ের এই ঘটনার সূত্র ধরে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা ফের আমেরিকায় হামলার নতুন হুঁশিয়ারি দিয়েছে।

তদন্তে জানা গেছে, ২৯ বছর বয়সি অভিযুক্ত পাইলট আল-হাম্মামি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় পড়ার সময় সোশ্যাল মিডিয়ায় একাধিক উগ্রপন্থী ও হিংসাত্মক পোস্ট করেছিলেন। যেখানে মহিলাদের ওপর অত্যাচার, ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা এবং শরিয়া আইনের অন্ধ সমর্থন প্রকাশ পেয়েছিল। ইজরায়েলি ও ইউএই (UAE) কর্তৃপক্ষ এই নৃশংস ঘটনাকে একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন স্মিত মচ্ছার অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীর প্রতিরোধ ভাঙেন এবং ককপিটের দরজা খুলে ফেলেন। এরপর যাত্রীরা ও ক্রু সদস্যরা মিলে ওই কো-পাইলটকে কাবু করে ফেলেন এবং পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনার পর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty