রান্নাঘরে বড় ধাক্কা! এভারেস্টের জিরা গুঁড়োর নির্দিষ্ট ব্যাচকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করল FSSAI

রান্নাঘরের অত্যন্ত পরিচিত এবং নিত্যপ্রয়োজনীয় মশলা জিরে গুঁড়ো নিয়ে বড় ও কড়া পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। খাবারে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ বা পেস্টিসাইড রেসিডিউ পাওয়ার পর, জনপ্রিয় মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের (Everest)-এর প্রি-প্যাকড জিরে গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচকে সরকারিভাবে ‘অসুরক্ষিত’ বা ‘Unsafe’ বলে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট পুরো ব্যাচটি বাজার থেকে অবিলম্বে প্রত্যাহার বা রিকল করার নির্দেশ দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।
FSSAI-এর প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, গোয়ার একটি প্রাঙ্গণ থেকে সংগৃহীত এভারেস্টের প্রি-প্যাকড জিরে গুঁড়োর নমুনায় ‘অজক্সিস্ট্রোবিন’ (Azoxystrobin) এবং ‘থায়ামেথোকসাম’ (Thiamethoxam)—এই দুটি ক্ষতিকারক কীটনাশকের অবশিষ্টাংশ অনুমোদিত সর্বোচ্চ সীমার (MRL) চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এরপর খাদ্য সুরক্ষা আইন, ২০০৬-এর অধীনে নমুনাটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়। খাদ্য ব্যবসায়ীর আপিলের ভিত্তিতে নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলেও সেখানেও একই ফল পুনরায় নিশ্চিত হয়। এরপরই ওই নির্দিষ্ট ব্যাচটি (Batch No. E080668761) বাজার থেকে সম্পূর্ণ তুলে নেওয়ার নির্দেশ দেয় এফএসএসআই। তবে আতঙ্কিত না হয়ে গ্রাহকদের নিজেদের কেনা প্যাকেটের ব্যাচ নম্বর যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধু এভারেস্ট নয়, একই দিনে পূর্ব ভারতে সুপরিচিত রিটেইল চেইন ‘দ্য সুগার অ্যান্ড স্পেস’ (The Sugarr & Spice)-এর পরিচালনকারী সংস্থাকেও কড়া ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। তাদের প্রাঙ্গণে মাত্রাতিরিক্ত অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা ও মাছি থাকার অভিযোগে সংস্থার লাইসেন্স অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। এফএসএসআই-এর এই জোড়া কড়া পদক্ষেপ দেশজুড়ে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর নজরদারির বার্তা দিচ্ছে।