আধার কার্ড জালিয়াতির ফাঁদে দরিদ্র মহিলারা! শান্তিপুরে ভাতার টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় শোরগোল

রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে যখন তুমুল অসন্তোষ ও বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই সামনে এল এক ভয়ংকর তথ্যপ্রযুক্তি জালিয়াতির ঘটনা। শান্তিপুরের বাগআঁচড়া ও ছোটকুলিয়া এলাকায় অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদন করা একাধিক দরিদ্র মহিলার ব্যক্তিগত আধার তথ্য বেআইনিভাবে ব্যবহার করে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ২০২১ সাল থেকে নিয়মিতভাবে তাঁদের নামে বরাদ্দ হওয়া বার্ধক্য ভাতার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।
সূত্রের খবর, ৪০ থেকে ৪১ বছর বয়সি মহিলারা যখন অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা দেওয়ার পর অনলাইন পোর্টাল বা ব্যাংক স্ট্যাটাস খতিয়ে দেখতে যান, তখনই এই বড় ধরনের প্রতারণার বিষয়টি তাদের নজরে আসে। কারও ক্ষেত্রে নবলা আবার কারও ক্ষেত্রে শান্তিপুরের সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরকারি টাকা হস্তান্তরিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চরম আর্থিক অনিশ্চয়তা ও ক্ষোভের মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
ইতিমধ্যেই ভুক্তভোগী মহিলারা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় বিডিও-র কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েছেন। প্রশাসনের কাছে জোরদার দাবি জানানো হয়েছে যে, অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত করে এই চক্রের সঙ্গে যুক্ত আসল অপরাধীদের চিহ্নিত করা হোক এবং আত্মসাৎ হওয়া সমস্ত সরকারি অর্থ পুনরায় রাজকোষে ফিরিয়ে আনা হোক। যদিও পুরো বিষয়টি এই মুহূর্তে অভিযোগের স্তরে রয়েছে, তবুও প্রশাসনিক ও পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে ঠিক কী উপায়ে আধার তথ্য হ্যাকিং বা কারচুপি করে এই আর্থিক অনিয়ম চালানো হয়েছে।