অনুমতি ছাড়াই শিবাজি পার্কে ধুন্ধুমার! সিজেপি নেতা অভিজিৎ দীপকে সহ ৫০০ জনের বিরুদ্ধে এফআইআর পুলিশের

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পুলিশের কোনো রকম অনুমতি না নিয়েই মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে বিশাল বিক্ষোভ দেখানোর জেরে বড়সড় আইনি বিপাকে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। দলের প্রধান অভিজিৎ দীপকে সহ প্রায় ৫০০ জনের বিরুদ্ধে একটি কড়া এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মুম্বইয়ের শিবাজি পার্কে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে, ওই স্থানে বিক্ষোভ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও পুলিশের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হন। কোনো অনুমতি ছাড়াই সেখানে জনসভা আয়োজন, স্লোগান দেওয়া এবং জনবহুল পথে লাউডস্পিকার ব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

শিবাজি পার্ক থানায় দায়ের হওয়া এই এফআইআর-এ সিজেপি নেতা অভিজিৎ দীপকে ছাড়াও অজিঙ্ক্যা শিন্ডে, প্রণয় আহিরে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস-এর মতো হেভিওয়েট নাম রয়েছে। পাশাপাশি আফরিন নওয়াজ, সৌম্য কোর্দে, অঙ্কিত ভরদ্বাজ, বিজয় মালগি এবং যোগেশ ইঙ্গলের মতো মুখগুলির নামও এই তালিকায় রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২) ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১), ৩৭(৩) এবং ১৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।