আট ঘণ্টা জেরার পর গ্রেপ্তার দিনো মোরিয়া! কোন ভয়ঙ্কর দুর্নীতিতে নাম জড়াল জনপ্রিয় এই অভিনেতার?

বলিউড অঙ্গনে ফের বড়সড় আইনি বিপর্যয়! মিঠি নদী পলি অপসারণ ও সংস্কার দুর্নীতি মামলায় জনপ্রিয় অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং বা ইওডব্লিউ (EOW)। বান্দ্রায় অভিনেতার নিজ বাসভবনে একটানা প্রায় আট ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করার পরই তাঁকে হেফাজতে নেন তদন্তকারী আধিকারিকেরা।

মিঠি নদীর পরিচ্ছন্নতা, পলি অপসারণ (ড্রেজিং) এবং উন্নয়ন প্রকল্পের কাজকে কেন্দ্র করেই এই বিশাল আর্থিক দুর্নীতির জাল ছড়ানো হয়েছে। তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে যে, এই গোটা জালিয়াতির সুবাদে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর প্রায় ৬৪.৫৪ কোটি টাকার মারাত্মক আর্থিক ক্ষতি হয়েছে। প্রকল্পের চুক্তিগুলিতে ব্যাপক অনিয়ম এবং সন্দেহজনক তহবিল লেনদেনের হদিশ পেতেই এই কড়া পদক্ষেপ করেছে ইওডব্লিউ।

উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় অভিনেতার নাম অবশ্য এই প্রথম নয়। এর আগে গত বছর জুন মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) দিনো মোরিয়ার মুম্বইয়ের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছিল। একই সময়ে মুম্বই ও কোচি সহ প্রায় ১৫টি বিভিন্ন ঠিকানায় একযোগে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। একের পর এক আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে ডিনো মোরিয়ার আইনি জটিলতা এখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে।