অধরা টেস্ট স্বপ্ন বুকে নিয়েই বড় সিদ্ধান্ত! প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন যুজবেন্দ্র চাহাল

দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় দলের জার্সির বাইরে থাকা এবং লাল বলের ক্রিকেটে সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে ময়দানে নামলেও, এবার লাল বলের ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক অত্যন্ত আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এই তারকা ক্রিকেটার।

টেস্ট খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল

ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ১৫০টিরও বেশি ম্যাচ খেলে দুই শতাধিক উইকেট শিকার করলেও, যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কখনও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। ৩৬ বছর বয়সি এই স্পিনার ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে, কেরিয়ারের এই পর্যায়ে এসে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আর কোনো সুযোগ নেই। সেই বাস্তবতাকে মেনে নিয়েই এক অপূর্ণ স্বপ্ন বুকে চেপে প্রথম শ্রেণির ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা চাহালের

নিজের অবসরের কথা ঘোষণা করে সামাজিক মাধ্যমে চাহাল লিখেছেন, “আমি যখন প্রথম ১০ বছর বয়সে হাতে লাল বল তুলে নিয়েছিলাম, তখন জানতামও না যে এই খেলাটার প্রেমে এতটা গভীরভাবে জড়িয়ে পড়ব। লাল বলের ক্রিকেট আমার কাছে কেবল আর একটা ফর্ম্যাট ছিল না; এটি আমাকে ধৈর্য, চরিত্র গঠন এবং লড়াই করার আসল মানে শিখিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “লর্ডসে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। টেস্ট ক্যাপ গায়ে জড়ানোর স্বপ্ন আমি বছরের পর বছর ধরে দেখে এসেছি। তাই এই কথাগুলো লেখার সময় আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি। তবে আমার এই দীর্ঘ সফর নিয়ে আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং এই ফর্ম্যাটে পাওয়া প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞ। লাল বলের ক্রিকেট আমাকে জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না।”

সাদা বলের ক্রিকেটে লড়াই জারি থাকবে

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেও সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে ফেরার আশা এখনও ছাড়েননি চাহাল। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে কামব্যাক করার খিদে তাঁর মধ্যে এখনও পুরোপুরি সজীব রয়েছে এবং দলের হয়ে খেলতে তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বলেই স্পষ্ট জানিয়েছেন। কেরিয়ারে হরিয়ানা এবং কাউন্টি ক্রিকেট মিলিয়ে মোট ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৪৮টি উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল।