বন্ধুর সঙ্গে বেরোনোটাই কাল! ১৩ বছরের নাবালিকাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

হরিয়ানার ফরিদাবাদে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গেছে। বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ঘোরার সময় একদল যুবক তাদের পথ আটকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই ১৩ বছরের ওই কিশোরীর ওপর অকথ্য যৌন নির্যাতন চালানো হয়। এমনকী, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে থাকা তার নাবালক বন্ধুও এই পাশবিক অত্যাচারের শিকার হয়। এই ন্যক্কারজনক ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং চতুর্থ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ পাওয়ার পরেই নির্যাতিতার গোপন বয়ানের ভিত্তিতে গণধর্ষণসহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এসিপি সন্দীপ মোর জানিয়েছেন, অভিযুক্তরা ওই দুই কিশোর-কিশোরীকে আটকে রেখে শুধু শারীরিক নির্যাতনই চালায়নি, এর পাশাপাশি জোর করে এক অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকাও ট্রান্সফার করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর্থিক এই লেনদেনের বিষয়টি এখন তদন্তকারীদের বিশেষ নজরে রয়েছে।

ধৃত তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশি রিমান্ডে নিয়ে জেরা করে ঘটনার নেপথ্যে থাকা প্রতিটি প্রমাণের সন্ধান চলছে। বিশেষ করে এই ঘটনার সঙ্গে পূর্বপরিচয় বা অন্য কোনো ব্ল্যাকমেলের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পলাতক চতুর্থ অভিযুক্তকে দ্রুত পাকড়াও করতে একাধিক সম্ভাব্য ঠিকানায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাবালিকা ও তার বন্ধুর মেডিক্যাল রিপোর্ট এবং বয়ানের ওপর ভিত্তি করে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।