দাঁতে পেঁচানো নিষিদ্ধ ব্লেড ওয়্যার! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুনো হাতির মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে মহা সমারোহে রয়্যাল বেঙ্গল টাইগার ফিরিয়ে আনার উৎসবের মাঝেই উত্তরবঙ্গ থেকে এল এক মর্মান্তিক খবর। জলপাইগুড়ির রাজগঞ্জে বুনো হাতির রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর বনবিভাগের নোধাবাড়ির জঙ্গলে একটি বুনো হাতির নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে যা তথ্য সামনে এসেছে, তাতে শিটিয়ে ওঠার জোগাড়।
ঠিক কী পাওয়া গেছে হাতির শরীরে?
বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই হাতির দাঁত এবং দেহের বিভিন্ন অংশে নিষিদ্ধ ‘ব্লেড ওয়্যার’ বা অত্যন্ত ধারাল কাঁটাতার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, জমির ফসল নষ্ট হওয়া থেকে বাঁচাতে কেউ বা কারা ওই এলাকায় বেআইনিভাবে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। আর সেই গোপন ফাঁদের সংস্পর্শেই এসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির করুণ মৃত্যু হয়েছে।
তদন্তে বনদফতর ও প্রশাসনের পদক্ষেপ
উত্তরবঙ্গে এক উচ্চপর্যায়ের বন কর্মসূচি ও আনন্দের আবহের মধ্যে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায় চরম অস্বস্তিতে পড়েছে বনদফতর। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও পরিবেশপ্রেমীরা। এলাকাটি ঘিরে ফেলে শুরু হয়েছে জোরদার তদন্ত। আজই মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, এই বেআইনি কাজের সঙ্গে ঠিক কারা যুক্ত এবং জমির চারপাশে কে এই বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ করেছিল, তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানা ও বনবিভাগ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবেশপ্রেমী মহল।