সোনার দাম দেখেই কিনছেন? বিলের কোন লুকনো খরচে গলার হার কিনতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন জানেন কি?

সোনার গয়না কেনার সময় ক্রেতাদের সিংহভাগ নজরই থাকে কেবল আজকের সোনার বাজারের দরের দিকে। কিন্তু গয়না হাতে পাওয়ার পর যখন বিল হাতে আসে, তখন দেখা যায় আসল দামের চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হয়েছে। সোনার দামের পাশাপাশি মেকিং চার্জ, ট্যাক্স এবং অন্যান্য নানা লুকনো খরচের বহরে পকেট ফাঁকা হতে সময় লাগে না। কিন্তু গয়নার দোকানে যে অতিরিক্ত টাকাগুলি নেওয়া হয়, তা আসলে কোন খাতে খরচ হয়? তা কি আপনার জানা আছে?
সোনার গয়নার মেকিং চার্জ আসলে কী?
ধাতু হিসেবে সোনা অত্যন্ত নমনীয়। তাকে পছন্দমতো সুন্দর এবং আকর্ষণীয় গয়নায় রূপ দিতে কারিগরদের ডিজাইন, কাটিং ও পলিশিংয়ের মতো কঠোর পরিশ্রম করতে হয়। এই কারিগরদের পারিশ্রমিক বা মজুরি হিসেবেই গয়নার ওপর মেকিং চার্জ ধার্য করা হয়। জুয়েলাররা সাধারণত সোনার মোট দামের ওপর একটি নির্দিষ্ট শতাংশ, প্রতি গ্রামে নির্দিষ্ট পরিমাণের টাকা কিংবা বিশেষ ডিজাইনের ওপর নির্ভর করে এই চার্জ ঠিক করে থাকেন।
বিল প্রস্তুত করার সময় আর কী কী খরচ যুক্ত হয়?
সোনার মূল দাম এবং মেকিং চার্জ ছাড়াও জুয়েলার্সদের বিলে আরও বেশ কিছু লুকনো বা অতিরিক্ত খরচ যোগ করা হতে পারে। যেমন—
ওয়েস্টেজ বা অপচয়: সোনা গলিয়ে গয়না তৈরির সময় কিছু পরিমাণ সোনা নষ্ট হয়, যার খরচ ক্রেতার থেকেই নেওয়া হয়।
কারিগরি ও অন্যান্য পরিষেবা চার্জ: দোকানভেদে বিভিন্ন অতিরিক্ত সার্ভিস চার্জ বিলের অঙ্ক বাড়িয়ে দেয়।
জিএসটি (GST): গয়নার মোট দাম এবং মেকিং চার্জের ওপর বাধ্যতামূলকভাবে ৩ শতাংশ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি দিতে হয়।
হলমার্কিং খরচ: গয়নার বিশুদ্ধতা ও মান প্রমাণ করার জন্য হলমার্কিং করা হয়, যার চার্জ মেকিং চার্জ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।
গয়না কেনার আগে কোন বিষয়গুলিতে নজর দেওয়া জরুরি?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, গয়না কেনার সময় বোকামি এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি: ১. গয়না কেনার আগে সবসময় বিক্রেতার কাছ থেকে বিস্তারিত বা আইটেমাইজড বিল (Detailed Bill) চেয়ে নিন। ২. বিলে সোনার সঠিক রেট, নিখুঁত ওজন, মেকিং চার্জ, জিএসটি এবং হলমার্কের ইউনিক কোড অর্থাৎ এইচইউআইডি (HUID) নম্বর স্পষ্টভাবে উল্লেখ আছে কি না, তা ভালো করে খতিয়ে দেখুন।
সচেতন ক্রেতা হয়ে এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখলে সোনার গয়না কেনার সময় অতিরিক্ত টাকা দেওয়ার হাত থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।