ফেলুদা থেকে মায়াবী রহস্য! দশম বর্ষপূর্তিতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ঝুলিতে একঝাঁক নতুন চমক

বাংলা বিনোদনের ডিজিটাল দুনিয়ায় সাফল্যের এক দশক পূর্ণ করল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। এই ঐতিহাসিক দশম বছরে পা রেখে শুধু কয়েকটি নতুন সিরিজের ঘোষণা নয়, একসঙ্গে ২৫টিরও বেশি চোখধাঁধানো কাজের বিশাল সম্ভার সামনে এনেছে এই বাংলা বিনোদনমাধ্যম। পুরনো জনপ্রিয় চরিত্র যেমন ফের পর্দায় ফিরছে, তেমনই আসছে সম্পূর্ণ নতুন গল্প, ভিন্ন স্বাদের ভাবনা এবং একাধিক নতুন পরিচালক। শুধু ওয়েব সিরিজই নয়, এর পাশাপাশি থাকছে টেলিভিশন প্রজেক্ট, সিনেমা, প্রথম অ্যানিমেশন সিরিজ, শ্রুতিনাট্য, ছোট পরিসরের ধারাবাহিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নির্ভর অভিনব উদ্যোগ।
দশ বছর আগে বাংলা গল্পের জন্য একটি স্বতন্ত্র ও সমৃদ্ধ ডিজিটাল মঞ্চ তৈরি করার লক্ষ্য নিয়ে হইচই তার পথচলা শুরু করেছিল। সেই দীর্ঘ পথ পেরিয়ে আজ তাদের ভাণ্ডারে রয়েছে ৬০০-র বেশি বাংলা ছবি এবং ২০০-র বেশি মৌলিক সিরিজ। ভারত, বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের বাঙালি দর্শকের কাছে পৌঁছে গিয়েছে এই বাংলা কন্টেন্ট। তবে দশম বছরে এসে হইচইয়ের লক্ষ্য কেবল পর্দায় গল্প দেখানোই সীমাবদ্ধ নয়; বরং বাংলা গল্পের স্বত্ব, সিনেমা, লাইসেন্স, বিজ্ঞাপন, শ্রুতিনাট্য এবং সর্বাধুনিক প্রযুক্তির হাত ধরে সেই গল্পকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আসন্ন প্রজেক্টগুলির তালিকায় রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় কাজ। উষসী রায় ও অপরাজিতা আঢ্য অভিনীত এবং সুমন দাস পরিচালিত রহস্যজনক গল্প ‘দেবীপক্ষ’। সন্দীপ্তা সেন অভিনীত বহুল প্রতীক্ষিত ‘বীরাঙ্গনা ২’ এবং অয়ন চক্রবর্তীর পরিচালনায় থ্রিলারধর্মী সিরিজ ‘সতী’। জিতু কমল, পাওলি দাম ও সোলাঙ্কি রায় অভিনীত এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় হাজার বছরের পুরনো অভিশপ্ত আচার নিয়ে আসছে ‘কৌরিবুড়ির মন্দির’। কৃষানু গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সৌমিতৃষা কুণ্ডু ও গৌরব চট্টোপাধ্যায় অভিনীত ‘মাঙ্গলিক’। প্রতিম ডি গুপ্ত পরিচালিত কলকাতার পটভূমিতে তৈরি রোমহর্ষক মার্ডার মিস্ট্রি ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় টোটা রায়চৌধুরীর ফের ‘ফেলুদার গোয়েন্দাগিরি: বাক্স রহস্য’-এ প্রদোষ মিত্র হিসেবে প্রত্যাবর্তন। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘তানসেনের তানপুরা: মোহনবাঁশি’।
এছাড়াও তালিকায় রয়েছে শ্যামৌপ্তি মুদলি অভিনীত ‘কন্যা’, সব্যসাচী চৌধুরী অভিনীত ‘ডিটেকটিভ তারিণীচরণ’, রাইমা সেন অভিনীত ‘কুমারী’, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের তৈরি ‘আগমবাগীশ: দ্রোলমার খড়্গ’। প্রিয়াঙ্কা সরকার ও ঋদ্ধিমা ঘোষ অভিনীত ‘কুহেলি ২’, ঋত্বিক চক্রবর্তী অভিনীত পরমব্রতের ‘জুজুমা’, অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত ‘শ্রীমতী নট আউট’, পরমব্রত পরিচালিত ‘ছদ্মবেশী ২’, প্রিয়াঙ্কা সরকার অভিনীত ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘কানামাছি’, শ্রাবন্তী ও দিব্যাণী মণ্ডলের ‘ঠাকুমার ঝুলি ২’ এবং মিমি চক্রবর্তী অভিনীত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও ব্যক্তিগত লড়াইয়ের গল্প ‘উত্তরণ: চারুলতা’।
ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমার জগতেও আসছে বড় চমক। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় সত্যজিৎ রায়ের জীবনভিত্তিক ছবি ‘মহারাজা তোমারে সেলাম’। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনির্বাণ চক্রবর্তীর ‘দ্য একেন: কেরলে কুরুক্ষেত্র’। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এবং কোয়েল মল্লিকের অভিনয়ে হইচই স্টুডিয়োজের প্রথম ছবি ‘জননী’। দোলয় ভট্টাচার্য পরিচালিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্ণো মিত্র অভিনীত ‘ভুগুন’। পাশাপাশি টেলিভিশনের জন্য আসছে মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তীর ‘কথা-অমৃত’ এবং তৃণা সাহার ‘শোলক রহস্য’। হইচইয়ের প্রথম অ্যানিমেশন মৌলিক কাজ হিসেবে আসছে ‘শ্রী রামকৃষ্ণ’। সব মিলিয়ে দশম বর্ষের এই বিরাট আয়োজন বাংলা বিনোদন জগতকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।