৪৪ বছরের খরা কাটার হাতছানি! এশিয়ান গেমসের ফাইনালে উঠেই ইতিহাস গড়ার দোড়গোড়ায় ভারতের মেয়েরা

এশিয়ান গেমস ২০২৬-এর ময়দানে ফের রূপোলি সাফল্যের হাতছানি। দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে চূর্ণ করে সোনা জয়ের লড়াইয়ে জায়গা পাকা করে নিলেন সালিমা তেতেরা। আগামী শুক্রবার স্বর্ণপদক জয়ের মেগা ফাইনালে শক্তিশালী চিনের মুখোমুখি হবে ভারত।
সেমিফাইনালে কোরিয়া বধ
এদিন সেমিফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে দর্শকরা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, তৃতীয় কোয়ার্টারে ম্যাচের চেনা ছক সম্পূর্ণ বদলে দেয় ভারতীয় দল। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারের এক দুর্দান্ত ভ্যারিয়েশন থেকে গোল করে দলকে প্রথম এগিয়ে দেন ইশিকা চৌধুরী। এর ঠিক চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে ভারত। ৪৮ মিনিটে অধিনায়ক সালিমা তেতের চমৎকার কাটব্যাক প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এরপর দক্ষিণ কোরিয়া মরিয়া হয়ে গোলের ব্যবধান কমানোর চেষ্টা চালালেও, ভারতীয় রক্ষণভাগের অটুট প্রাচীর ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সালিমা-নবজ্যোৎরা। উল্লেখ্য, সেমিফাইনালে আয়োজক জাপানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে চিন।
৪৪ বছরের সোনার অপেক্ষা
এশিয়ান গেমসের ইতিহাসে মহিলাদের হকিতে চিন অন্যতম শক্তিশালী দল। গত ৬ বারের মধ্যে ৪ বারই সোনা জিতেছে তারা। তবে চলতি এশিয়াডে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছন্দে রয়েছে ভারত। গ্রুপ লিগের ৫টি ম্যাচের সবকটিতে জিতে মোট ৬৬টি গোল করেছে টিম ইন্ডিয়া। এবার দীর্ঘ ৪৪ বছরের সোনা জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাতে প্রস্তুত ভারতীয় মেয়েরা। আগামী শুক্রবারের ফাইনালে চিনের বিরুদ্ধে এই মহারণ এখন ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।