ইউপিআই ব্যবহারকারীদের জন্য বিরাট স্বস্তি! ২ অক্টোবরের ‘নো ইউপিআই ডে’ ধর্মঘট নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত

গান্ধী জয়ন্তীতে দেশজুড়ে অনলাইন লেনদেন বন্ধ থাকার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আগামী ২ অক্টোবরের প্রস্তাবিত ‘নো ইউপিআই ডে’ (No UPI Day) ধর্মঘট সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিল দেশের দুই প্রধান ব্যবসায়ী সংগঠন। উৎসবের মরশুমের আগে এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিজেপি সাংসদ প্রবীণ খণ্ডেলওয়ালের নেতৃত্বাধীন ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন’ (AICPDF) এবং ‘অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন’ (AIMRA)-এর একটি প্রতিনিধিদল সম্প্রতি নতুন দিল্লিতে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। ইউপিআই-এর ওপর প্রস্তাবিত ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR)-এর প্রতিবাদে এবং এই সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল— এমডিআর ধার্যের ক্ষেত্রে প্রস্তাবিত ১ লক্ষ টাকার সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা, ব্যবসায়ী থেকে ব্যবসায়ীদের মধ্যে (M2M) লেনদেনকে এর আওতার বাইরে রাখা এবং পুরো বিষয়টি পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা।

আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি জারি করে জানানো হয়, অর্থমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁদের সমস্ত দাবি ও উদ্বেগের কথা শুনেছেন এবং সেগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন। সরকারের এই ইতিবাচক মনোভাবের কথা মাথায় রেখেই আগামী ২ অক্টোবরের আন্দোলন কর্মসূচি বাতিল করার ঘোষণা করা হয়েছে। এর ফলে গান্ধী জয়ন্তীতে ইউপিআই পেমেন্ট বা অনলাইন লেনদেন স্বাভাবিক থাকাতেই স্বস্তির আবহ তৈরি হয়েছে দেশের আর্থিক মহলে।